
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জে ফেসবুকে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ ও লেখালেখির জেরে আতিক আহমেদ চৌধুরী নামে এক ছাত্রদল কর্মীকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গত সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মিছিল শেষে বাড়ি ফেরার পথে ফেঞ্চুগঞ্জ থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন আহত আতিকের স্বজনরা।
জানা যায়, গত ১১ আগস্ট সিলেটে ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু হত্যার প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ফেসবুকে নিয়মিত লেখালেখি করতেন আতিক আহমেদ চৌধুরী। তার পোস্টে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা আব্দুর রকিব চৌধুরী, দেলোয়ার হোসেন দিনারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য ও প্রতিবাদ জানানো হতো। এসব লেখালেখির কারণে তিনি ফেসবুক ও মুঠোফোনে একাধিকবার হুমকি পেয়েছেন বলেও পরিবারের দাবি।
আতিকের স্বজনদের অভিযোগ, ৫ নভেম্বর বিএনপির মিছিল শেষে বাড়ি ফেরার পথে আব্দুর রকিব চৌধুরীর অনুসারীরা তাকে ঘিরে ফেলেন। একপর্যায়ে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। জীবন বাঁচাতে আতিক পাশের পানিতে ঝাঁপ দেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আতিকের শরীরের কয়েকটি স্থানে পোড়া ক্ষত রয়েছে। এর মধ্যে ডান হাতের ক্ষত বেশি গুরুতর। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান বলেন, সন্ধ্যার দিকে স্থানীয়রা দগ্ধ অবস্থায় আতিককে হাসপাতালে নিয়ে আসেন। তার শরীরের কয়েকটি অংশে পোড়া ক্ষত রয়েছে। ডান হাতের ক্ষত তুলনামূলক বেশি। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন।
আতিকের ভাই সাইদুর রহমান চৌধুরী বলেন, ‘আমার ভাই ফেসবুকে রাজু হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে নিয়মিত লেখালেখি করতেন। এ কারণে তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত তাকে হত্যার উদ্দেশ্যে শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।’
তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক কারণে পুলিশ মামলা গ্রহণ ও অভিযুক্তদের গ্রেপ্তারে গড়িমসি করছে।
যেভাবে হত্যা করা হয় রাজুকে।
প্রসঙ্গত, গত ১১ আগস্ট রাতে ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু মোটরসাইকেলে করে জাকির হোসেন উজ্জ্বল ও সালাউদ্দিন লিটনকে সঙ্গে নিয়ে বাসায় ফিরছিলেন। কুমারপাড়া মেইন রোডের রাইয়ান ফার্মেসির সামনে পৌঁছালে আব্দুর রকিব চৌধুরীর নির্দেশে দেলোয়ার হোসেন দিনার, এনামুল হক, মোস্তাফিজুর রহমান, ফরহাদ হোসেনসহ কয়েকজন তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
এ সময় তাদের লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়া হয়। এতে জাকির হোসেন উজ্জ্বল আহত হন। পরে রাজুকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রাজুর চাচা দবির আলী বাদী হয়ে মামলা করেন।আতিকের ওপর হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302