
একুশে নিউজ ডেস্ক :: জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের মহান স্থপতি, স্বাধীনতার মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়। আয়োজনের মধ্যে ছিল প্রত্যুষে জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলণ, কলেজ ক্যাম্পাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট, বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং কলেজ ও হাসপাতাল ভবন আলোকসজ্জ্বা করণ।
১৭ই মার্চ ২০২১ইং তারিখ দিনের শুরুতেই জাতীয় ও কলেজ পতাকা উত্তোলণ করা হয়। এরপর বুধবার (১৭ই মার্চ) সকাল সাড়ে ১০টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ। এ সময় হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আরমান আহমেদ শিপলু এর উপস্থাপনায় বাংলাদেশ সৃষ্টির ক্ষেত্রে জাতির জনকের অসামান্য অবদান সমুহ তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ। এ সময় অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর সকাল ১১টায় কলেজের নিজস্ব খেলার মাঠে প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্ধোধন করেন অধ্যাপক মোঃ আবেদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ। অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-চিকিৎসকবৃন্দ প্রিন্সিপাল একাদশ বনাম ডিরেক্টর একাদশ নামে দুটি দল গঠন করে টুর্ণামেন্টে প্রতিযোগিতা করেন। প্রিন্সিপাল একাদশের সদস্যবৃন্দ ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ.কে.এম. দাউদ, ডাঃ ওমর, ডাঃ মাহবুব, ডাঃ রানা, ডাঃ অরুপ, ডাঃ মিঠু, ডাঃ রেহান, ডাঃ দিপু, ডাঃ অমিত, ডাঃ ওয়াদুদ এবং ডাঃ রাহাত। অপর দিকে ডিরেক্টর একাদশের সদস্যবৃন্দ ছিলেন ডাঃ আনোয়ার জাহান খান, ডাঃ তারেক, ডাঃ তাপস, ডাঃ শিপলু, ডাঃ অভি, ডাঃ আরিফ বিল্লাহ, ডাঃ ইমন, ডাঃ রুহেল, ডাঃ চয়ন, ডাঃ রুবেন্স এবং ডাঃ আরিফ। উক্ত খেলায় ডিরেক্টর একাদশ প্রথমে ব্যাট করে ১০ ওভারে মোট ৮৭ রান সংগ্রহ করে। জবাবে প্রিন্সিপাল একাদশ ২ ওভার হাতে রেখে মাত্র এক উইকেট হারিয়ে ৮৮ রান তুলে জয়ের বন্দরে পৌছে যায়। রানার্স আপ এবং বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ। এ সময় অন্যান্য শিক্ষক/চিকিৎসকবৃন্দও উপস্থিত ছিলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। রচনার বিষয় ছিল “বঙ্গবন্ধু ও বাংলাদেশ”। মোট ১ হাজার শব্দের মধ্যে সীমাবদ্ধ রচনা প্রতিযোগিতায় অত্র কলেজের মোট ১০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন; তারা হলেন-২৩তম ব্যাচের ফারজানা মাহজাবিন (রিয়া), মোঃ মহসিন আহমেদ, শাহনেওয়াজ মোহাম্মদ সরওয়ার, এমদাদুল হাসান ফজলে রাব্বী; ২৫তম ব্যাচের ফাতেহা কবির ইরিন এবং ২৬তম ব্যাচের মৌরী তালুকদারা, মারিয়া তানজুম হিয়া, আব্দুল মোতালিব শান্ত, সাদিয়া আফরিন প্রিয়া ও নুসরাত জাহান। উক্ত রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে ২৩তম ব্যাচের ফারজানা মাহজাবিন (রিয়া), মোঃ মহসিন আহমেদ এবং শাহনেওয়াজ মোহাম্মদ সরওয়ার। বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অসমাপ্ত আত্মজীবনী সহ অন্যান্য বই তুলে দেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক একেএম দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ। এছাড়াও সকল প্রতিযোগিদের মাঝেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অসমাপ্ত আত্মজীবনী উপহার হিসেবে প্রদান করা হয়। উক্ত রচনা প্রতিযোগিতার রচনা সমূহ মূল্যায়ন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক (প্রাক্তন বিভাগীয় প্রধান) ড. শরদিন্দু ভট্রাচার্য্য।
এছাড়াও জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ই মার্চ ২০২১ইং তারিখে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং কলেজ ও হাসপাতাল ভবন বর্ণিল আলোকসজ্জায় সজ্জ্বিত করা হয়েছে।