
নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মোঃ আল আমিন এর বাড়িতে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা হামলা ও ভাংচুর করা হয়েছে। গত ০৯ জানুয়ারি ২০২৩ইং তারিখে বিকাল ৫টায় নবীগঞ্জ থানার কাজীরগাও গ্রামে মোঃ আল আমিন এর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, মোঃ আল আমিন প্রবাস থেকে দীর্ঘ দিন ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা-লেখির জেরে হামলা ও ভাংচুর করেছে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা মোঃ আল আমিনকে বাড়িতে খোঁজাখুজি করে তাকে না পেয়ে অকথ্যভাষায় গালিগালাজ করে বাড়ির ভেতরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র ও আসবাবপত্র ব্যাপক হামলা, ভাংচুর করে। বাড়ির লোকদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
মোঃ আল আমিনের মা খাদিজা বেগম অভিযোগ করে বলেন, আমার প্রবাসী ছেলে বর্তমান সরকারের অনৈতিক কর্মকান্ডে বিরুদ্ধে বিভিন্ন সময় ফেইসবুকে পোস্ট করার কারণে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা অবৈধভাবে আমার বাড়িতে প্রবেশ করে হামলা, ভাংচুর ও ভয়ভীতি প্রদর্শন করে। আমার ছেলে প্রবাসে থাকার পরও আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে ও আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে বিভিন্নভাবে হুমকি-দামকি দিয়ে বলে, তর ছেলে দেশে আসলে তাকে হত্যা করা হবে। এ ঘটনায় মোঃ আল আমিনের পরিবার চরম আতংকের মধ্যে জীবনযাপন করছে। তিনি আইনশৃঙ্খলার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সহযোগীতা কামনা করেন।
নবীগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মোঃ আল আমিন এর বাড়িতে হামলা ও ভাংচুরের খবর শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।