• ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

ছাত্রলীগ নেতা মোঃ রাসেল আহমদ এর বাড়িতে হামলা, ভাংচুর

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৪
ছাত্রলীগ নেতা মোঃ রাসেল আহমদ এর বাড়িতে হামলা, ভাংচুর

নিজস্ব প্রতিবেদক :  সিলেটের শাহপরান (র:) থানা এলাকার মুক্তিরচকে শাহপরান থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতা মোঃ রাসেল আহমদ এর বাড়িতে হামলা, ভাংচুর ও তার পিতা সাবেক শাহপরান থানা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীকে মারধরের ঘটনা ঘটেছে। বিগত ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বিএনপি-জামাতের নেতাকর্মীরা একযোগে সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও হামলা করে। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগ নেতা মোঃ রাসেল আহমদ এর বাড়িতে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (০৬ নভেম্বর) বিকাল আনুমানিক ৪টা ৫০মিনিটের দিকে বিএনপি-জামাতের নেতাকর্মীরা সন্ত্রাসী রূপে মোঃ রাসেল আহমদ এর খুঁজে তার বাড়িতে যায়। এ সময় তারা তাকে বাড়িতে না পেয়ে তার ঘরের মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে। মো: রাসেল আহমদ এর পিতা শাহপরান থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত আলী তাদেরকে বাধা দিলে তারা তাকেও আঘাত করে। স্থানীয়রা শওকত আলীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে শওকত আলী বলেন, আমার প্রবাসী ছেলে শুধুমাত্র ছাত্রলীগের রাজনীতি করার কারণে তার বাড়িতে অতর্কিত হামলা চালানো হয়েছে। তিনি বলেন, জামাত-শিবিরের ক্যাডাররা দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে তাকে নির্যাতন করে হুমকী দিয়ে বলে, আমার ছেলে মোঃ রাসেল আহমদ দেশে আসলে হত্যা করে লাশ গুম করে ফেলবে। এ ঘটনায় বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভূগিতেছেন। ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, হামলাকারীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিলো। এসময় তারা চিৎকার দিয়ে মোঃ রাসেল আহমদকে খুজিতে থাকে এবং বাড়িঘর ভাংচুর করে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির) সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।