• ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

সরকার পতনের পর আতিকুল ইসলামকে খুঁজছে পুলিশ, মিথ্যা মামলার অভিযোগ

admin
প্রকাশিত মার্চ ২৯, ২০২৫

স্টাফ রিপোর্টার : সিলেটের ফেঞ্চুগঞ্জে আলোচিত হামলার ঘটনায় নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মোঃ আতিকুল ইসলাম ও তার পরিবারের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি প্রভাবশালী মহল তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে, এবং বর্তমানে পুলিশ তাকে খুঁজছে।

আতিকুল ইসলাম ফেঞ্চুগঞ্জ উপজেলার করিমপুর গ্রামের বাসিন্দা। তিনি এর আগে ২০২১ সালের ৪ এপ্রিল নিজ বাড়িতে সংঘটিত হামলার ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছিলেন। অভিযোগে উল্লেখ করা হয়, তৎকালীন বিএনপি নেতা ওহিদুজ্জাম ছুফি চৌধুরীর নেতৃত্বে একদল ব্যক্তি তার ওপর হামলা চালায়। হামলার সময় রেজাউল করিম রায়হান, এনায়েন রুহেল ও দিনার আহমেদ সরাসরি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং লাঠিসোঁটা ও কিল-ঘুষির মাধ্যমে নির্যাতন চালায়।

পরিবারের অভিযোগ, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে আতিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তাকে খুঁজছে। আতিকুলের পরিবার জানিয়েছেন, তাদের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে এবং তারা আশঙ্কা করছেন যে, মামলা ও হয়রানি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক পরিবর্তনের সুযোগ নিয়ে প্রকৃত ভুক্তভোগীরাই যদি হয়রানির শিকার হন, তা আইনের শাসন ও মানবাধিকারের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত, মিথ্যা মামলা প্রত্যাহার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ দাবি করেছেন।