
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শরীফ আহমেদ মাহবুবের ব্যবসা প্রতিষ্ঠান তামান্না টেলিকমে জোরপূর্বক প্রবেশ করে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) তারিখে রাত ১০টায় নগরীর মদিনা মার্কেটের পাঠানটুলায় মাহমুদ কমপ্লেক্সের ১৪নং দোকানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে সিলেট নগরীর মদিনা মার্কেটের পাঠানটুলায় মাহমুদ কমপ্লেক্সের ১৪নং দোকান সিলেট মহানগর ও মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা শরীফ আহমেদ মাহবুবের ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায় বৈষম্যবিরোধী ছাত্র জনতা, বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ। এতে দোকানে থাকা বিভিন্ন ধরনের আসবাবপত্র ভাংচুর, মালামাল লুটপাট করা হয়। এসময় ক্যাশ বাক্সে থাকা টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় তারা। এতে ছাত্রলীগ নেতা শরীফ আহমেদ মাহবুবের ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ১০/১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র জনতা, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা দোকানে থাকা লোকজনকে হুমকি-ধামকি দেয়, দোকান ভাংচুর করে। যাওয়ার সময় বলে যে, ছাত্রলীগ নেতা শরীফ আহমেদ মাহবুব যেদিন দেশে আসবে সেদিন তাকে হত্যা করে লাশ গুম করে ফেলবে। এসব ঘটনায় শরীফ আহমেদ মাহবুবের পরিবার চরম আতংকের মধ্যে রয়েছে।
এ বিষয়ে শরীফ আহমেদ মাহবুবের বাবা নুরুল ইসলাম মাসুক অভিযোগ করে বলেন, আমার প্রবাসী ছেলে ছাত্রলীগের রাজনীতি করার কারণে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, ভয়ভীতি প্রদর্শন করেছে বৈষম্যবিরোধী ছাত্রজনতা, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এতে আমার ব্যবসার ১০/১৫ লক্ষ ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমার পরিবার নিরাপত্তাহীনতায় মধ্যে জীবনযাপন করছে। তিনি আইনশৃঙ্খলার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সহযোগীতা কামনা করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মদিনা মার্কেটে ছাত্রলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।