
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রাজনৈতিক বিরোধের জেরে এক ছাত্রলীগ নেতাকে প্রাণনাশের হুমকি ও তার পরিবারের ওপর হামলা, ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত ১৪ আগস্ট সকালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তাদের পরিবারের সদস্য মোঃ শামসুর রহমান নাঈম স্থানীয় ৫নং কমলগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে সক্রিয় থাকায় প্রতিপক্ষ রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী দীর্ঘদিন ধরে তাকে লক্ষ্য করে হুমকি দিয়ে আসছিল। গত ১৪ আগস্ট সকালে একদল দুর্বৃত্ত ভুক্তভোগীর বাড়িতে এসে গালিগালাজ করে এবং ভাঙচুর চালায়। এ সময় তারা ভুক্তভোগীর ছেলেকে পেলে প্রাণনাশের হুমকি দেয়। এতে পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
এরপর ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে একটি আলোচনা সভায় অংশ নিতে গেলে শামসুর রহমান নাঈম ও তার সহকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন এবং স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে এলাকায় উত্তেজনা বেড়েছে এবং উভয় পক্ষের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে। বর্তমানে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং যেকোনো সময় বড় ধরনের অনাকাঙিক্ষত ঘটনার আশঙ্কা করছে বলে জানিয়েছে তারা। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।