• ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বালাগঞ্জে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৫

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইদের হামলায় কামিল আহমদ নামের এক যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার খুজকিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কামিল আহমদ ওই গ্রামের ফুরুক মিয়ার ছেলে।

নিহতের ঘটনার পরদিন শনিবার নিহতের ভাই বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আসামিরা হলেন, বালাগঞ্জ উপজেলার খুজকিপুর গ্রামের ছুরুক মিয়ার স্ত্রী লায়লা বেগম, একই গ্রামের ফারুক মিয়ার ছেলে ফাহিম আহমদ (২৭), ছুরুক মিয়ার ছেলে কাওছার আহমদ (২৫), ফারুক মিয়ার ছেলে নুর হোসেন (২৫) তার ভাই মোঃ মহিবুর রহমান (৩০)। এছাড়াও অজ্ঞাতনামা কয়েকজন।

মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার খুজকিপুর গ্রামের ছুরুক মিয়া ও ফারুক মিয়ার সাথে তাদের অপর ভাই ফুরুক মিয়ার মৌরশী সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন সকালে এবিষয়ে ফুরুক মিয়ার ছেলেরা ছুরুক মিয়ার স্ত্রী -সন্তানদের গালাগালি করে। পরে দুপুরের দিকে ছুরুক মিয়ার পরিবারের পক্ষ নিয়ে ফারুক মিয়ার ছেলেরা এসে গালাগালি করলে ফুরুক মিয়ার ছেলে কামিল আহমদ এর প্রতিবাদ করে। সাথে সাথে ফারুক মিয়ার ছেলে ফাহিম আহমদ তার উপর হামলা চালায়। তার হামলায় কামিল আহমদ মাটিতে লুটিয়ে পড়ে। এরপর তার ভাইয়েরা তাকে মারপিট করে তাকে অজ্ঞান অবস্থায় ফেলে যায়।

পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বালাগঞ্জ থানা পুলিশ পরিদর্শক ইয়াসিন হক জানান, জায়গা জমির বিরোধেদর জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।