• ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথে গভীর রাতে লেখক ও শিক্ষক ছাদিক সিরাজির বাড়িতে হামলা-ভাঙচুর

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৫
বিশ্বনাথে গভীর রাতে লেখক ও শিক্ষক ছাদিক সিরাজির বাড়িতে হামলা-ভাঙচুর

স্টাফ রিপোর্টার: সিলেটের বিশ্বনাথ উপজেলায় লেখক ও মাদ্রাসা শিক্ষক ছাদিক সিরাজির (মাওলানা ছাদিকুর রহমান) বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। আজ বুধবার গভীর রাতে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বন্ধুয়া গ্রামের বাড়িতে অজ্ঞাত দৃস্কৃতিকারীরা হামলা করে। ছাদিক সিরাজি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বিদেশে ভ্রমনে বলে তার স্বজনরা জানিয়েছেন।

সকালে বাড়ি পরিদর্শনকালে দেখা গেছে বাসার জানালার একাধিক কাচ ও কলাপসিবল গেট ভাঙা। ওই সময় তার ভাই মিজানুর রহমান জানিয়েছেন, ঘুমন্ত অবস্থায় রাত ৩টার দিকে ৫-৭ জন লোক হঠাৎ বাড়িতে হামলা ও ভাঙচুর করে পালিয়ে যায়। হামলার ঘটনায় বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দাখিল করবেন বলে জানান মিজানুর রহমান।
হামলা ও ভাঙচুরের বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরীর সাথে কথা হলে তিনি জানান, বাড়ির জানালার গ্লাস কে বা কারা ভেঙেছে। খবর পেয়ে পুলিশ স্থান পরিদর্শন করে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান ওসি। ঘটনাস্থলে থাকা স্থানীয় খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হবিবুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে এখানে এসেছি। বিষয়টি দেখতে পুলিশকে বলেছি। ছাদিক সিরাজির ভাইকে আইনী পরামর্শ দিয়েছি। যে বা যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের সনাক্ত করে গ্রেপ্তারে দাবি করেন তিনি।

উল্লেখ্য, ছাদিক সিরাজি সিলেটসহ লেখক ও সুধিমহলে একজন অনলাইন একটিভিস্ট ও লেখক হিসেবে পরিচিত। এছাড়া দীর্ঘদিন ধরে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন ও বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছার রয়েছেন। রাজনৈতিক কোনো দলের লোকজন সংক্ষুব্দ হয়ে তার বাড়িতে হামলা করে থাকতে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ। তিনি জানান কয়েকদিন আগে ছাদিক সিরাজি থাইল্যান্ডে সফরে যান। এরমধ্যে তার বাড়িতে হামলার ঘটনাটি দু:খজনক।