
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রশিবপুরা গ্রামে সাবেক ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ বিন মোশারফের বাড়িতে ভয়াবহ হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে দ্বিতীয় দফায় সাধারণ শিক্ষার্থীদের একটি দল ওই বাড়িতে হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে গ্রামবাসীরা এগিয়ে এলেও দীর্ঘ সময় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে।
গ্রামবাসীদের দাবি, প্রাণনাশের আশঙ্কায় সাবেক ছাত্রলীগ নেতা খালিদ বিন মোশারফকে আগেই যুক্তরাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে তার পিতা, ভাঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন ভাঙ্গা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং ফরিদপুর জজ কোর্ট চত্বরে প্রকাশ্যে বেধড়ক গণপিটুনির শিকার হন। পরে স্থানীয় জনতার সহায়তায় তিনি প্রাণে রক্ষা পান।
স্থানীয়দের ভাষ্যমতে, সাবেক আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সাবেক ফরিদপুর উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের নিকট আত্মীয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, গণপিটুনির ঘটনার পর থেকে সাবেক যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন পলাতক রয়েছেন। স্থানীয় জনমতে, তিনি যুক্তরাজ্যে অবস্থানরত তার ছেলে খালিদ বিন মোশারফের কাছে আত্মগোপনে চলে গেছেন।
এ ঘটনায় এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।