বিশেষ প্রতিনিধি, নাটোর: নাটোর সদর উপজেলার লালবাজার এলাকায় যুক্তরাজ্য প্রবাসী ও স্থানীয় যুবলীগ কর্মী মো: হুমায়ুন কবীরের পৈতৃক বাসভবনে গিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা প্রকাশ্য হুমকি-ধমকি এবং পরিবারকে প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করেছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ২০ নভেম্বর (২০২৫) সকালে স্থানীয় বিএনপি নেতা বিপ্লব তালুকদারের নেতৃত্বে একদল নেতাকর্মী ও অনুসারী নাটোর সদরের লালবাজারের ২৩৫ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত হুমায়ুন কবীরের বাড়িতে চড়াও হয়। সে সময় হুমায়ুন কবীর দেশে উপস্থিত না থাকলেও বাড়িতে অবস্থানরত তার পরিবারের সদস্যদেরকে চরম গালিগালাজ ও ভয়ভীতি দেখানো হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, হুমায়ুন কবীর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে সম্প্রতি নিজ মতামত প্রকাশ করে পোস্ট করেছিলেন। এই পোস্টকে কেন্দ্র করেই ক্ষুব্ধ হয়ে বিএনপি নেতা বিপ্লব তালুকদার তার দলবল নিয়ে বাড়িতে এসে হুমকি দেন। হুমায়ুন কবীর বাংলাদেশে পা রাখলে তাকে দেখে নেওয়া হবে এবং মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে স্বজনদের হুমকি দিয়ে যান তারা।
উল্লেখ্য, মো: হুমায়ুন কবীর (পিতা: মো: আনোয়ারুল হক, মাতা: মোসা: সেলিনা হক) বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের একজন সক্রিয় কর্মী এবং ছাত্রলীগের সাবেক কর্মী। ২০২৩ সালে তিনি উচ্চশিক্ষা ও জীবিকার তাগিদে যুক্তরাজ্যে গমন করলেও প্রবাসে থেকেই স্বদেশের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের খোঁজখবর রাখতেন এবং যুক্ত ছিলেন।
এর আগেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার পরিবার এবং নিকটাত্মীয়দের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। গত ১ মার্চ ২০২৫ তারিখে সিংড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: জাহিদুল ইসলামের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, যা নিয়ে তৎকালীন সময়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নাটোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের বাড়িতে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও মামলা-হামলার ধারাবাহিকতায় এখন প্রবাসীদের পরিবারকেও টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
বর্তমানে দেশে ফিরলে তার প্রাণহানি ও চরম নিরাপত্তার ঝুঁকি রয়েছে জানিয়ে পরিবারের সদস্য ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হুমায়ুন কবীরের পরিবার এই ঘটনায় নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302