
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএল.বি) শনিবার সকালে নগরীর জিন্দাবাজারের বিভিন্ন মার্কেটে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
গণসংযোগকালে তিনি ব্যবসায়ী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং সিলেটের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। বাজার এলাকায় তাঁর উপস্থিতিতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।
এসময় মাহমুদুল হাসান বলেন, “সিলেটবাসী আজ নিরাপত্তাহীনতা, চাঁদাবাজি ও বৈষম্যের শিকার। আমি প্রতিশ্রুতি দিতে চাই। এই জনপদের মানুষের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার ফিরিয়ে আনতেই রাজনীতিতে এসেছি। ক্ষমতার রাজনীতি নয়, মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতিই আমার লক্ষ্য।” তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য যেন হয় নিরাপদ ও স্বচ্ছ, তরুণরা যেন কাজের সুযোগ পায় এবং সাধারণ মানুষ যেন ভয়মুক্তভাবে জীবনযাপন করতে পারে—এমন একটি সিলেট গড়তে তিনি বদ্ধপরিকর।
গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর পাশাপাশি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
নেতৃবৃন্দ জানান, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই সিলেট-১ আসনের বিভিন্ন বাজার, মহল্লা ও জনসমাগমস্থলে গণসংযোগ কার্যক্রম আরও বিস্তৃত করা হচ্ছে, যাতে সিলেটবাসীর দোরগোড়ায় হাতপাখার বার্তা পৌঁছে দেওয়া যায়। ১২ ফেব্রুয়ারি হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।