
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলায় ১০ লক্ষ ৬০ হাজার টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলায় অভিযুক্ত স্বামী-স্ত্রীকে গ্রেফতার করতে বিবাদীগণের বসতবাড়িতে অভিযান পরিচালনা করেছে ছাতক থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা ঘরে তালা ঝুলিয়ে আত্মগোপন করেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
গতকাল ০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জাহিদপুর গ্রামের সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ তাজুদ আলী বাদী হয়ে ছাতক থানায় এই এজাহার দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, ১নং আসামি মোঃ আব্দুস সালাম (২৬) এবং ২নং আসামি মোছাঃ মারজানা ইয়াসমিন মুহসিনা (২৪)-যিনি বাদীর প্রয়াত বন্ধুর কন্যা-পারিবারিক ও মানবিক সম্পর্কের সুযোগ নিয়ে যুক্তরাজ্যে (UK) পাড়ি জমানোর কথা বলে ১০ লক্ষ ৬০ হাজার টাকা ঋণ হিসেবে গ্রহণ করেন।
চুক্তি অনুযায়ী নির্ধারিত তারিখ (০১ মে ২০২৪) অতিবাহিত হলেও আসামিরা পাওনা টাকা ফেরত না দিয়ে নানা অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন। পরবর্তীতে বাদী আসামিদের সিলেট ও সুনামগঞ্জের বাসস্থানে স্বশরীরে গেলে দেখতে পান, তারা ঘরে তালা ঝুলিয়ে সমস্ত মালামাল নিয়ে আত্মগোপন করেছেন।
মামলা রুজুর পরপরই তদন্তকারী কর্মকর্তা এস.আই মোঃ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ দল আসামিদের গ্রেফতার এবং অবস্থান নিশ্চিত করতে অভিযানে নামেন। ছবিতে দেখা যায়, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত একদল পুলিশ সদস্য আসামিদের তালাবদ্ধ বসতঘরের সামনে অবস্থান নিয়ে তল্লাশি ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছেন।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অপরাধে মামলাটি রুজু করা হয়েছে। আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে থাকলেও তাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।"
এদিকে, সরলতা ও আবেগীয় সম্পর্কের অপব্যবহার করে বিশাল অংকের টাকা আত্মসাতের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী তাজুদ আলী দ্রুত আসামিদের গ্রেফতারপূর্বক আত্মসাৎ করা টাকা উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302