
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পূর্ব মনসুর গ্রামের বাসিন্দা মোছাঃ হুছনে আরা বেগমের বাড়িতে হামলা, তাকে ও তার মেয়ে রেজওয়ানাকে শারীরিক নির্যাতন এবং মেয়েকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বিএনপি কর্মীর বিরুদ্ধে। এ ঘটনার পর নিরাপত্তাহীনতার আশঙ্কায় বাড়িঘর ছেড়ে চট্টগ্রামে আশ্রয় নিয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। প্রায় ১০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলে মাহমুদুর রহমানও নিরাপত্তাহীনতার কারণে দেশ ছেড়ে কানাডায় চলে যান।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ৫ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বিএনপি ক্যাডার আবু সায়মান রুমেল, কাউসার আহমদসহ কয়েকজন মাহমুদুর রহমানের বাড়িতে গিয়ে হামলা চালান। এ সময় মাহমুদুর রহমানের মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, শারিরীক নির্যাতনের এক পর্যায়ে সজোরে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মাকে রক্ষা করতে এগিয়ে এলে মাহমুদুরের বোন রেজওয়ানাকে উত্যক্ত, শারীরিকভাবে নির্যাতন এবং অপহরণের চেষ্টা করা হয়। তার চিৎকার শুনে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা পুনরায় ফিরে এসে তার ক্ষতি করার হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার আরও জানায়, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর আবু সায়মান রুমেল, কাউসার আহমদসহ কয়েকজন বিএনপিতে যোগ দেন।বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে তাদের অপতৎপরা বেড়েই চলেছে। তারা এলাকায় অপহরণ, হামলা, চোরাচালান, মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।
মাহমুদুর রহমানের মা বলেন, “আমি ও আমার মেয়ে সন্ধ্যায় চা খাচ্ছিলাম। হঠাৎ দরজায় জোরে ধাক্কা পড়ে। দরজা খুলতেই রুমেলসহ কয়েকজন ঘরে ঢুকে পড়ে। তারা বলে, ‘স্বামীকে হারিয়েছ, এবার ছেলেকেও হারাবে।’এরপর তারা আমাকে ও আমার মেয়েকে মারধর করে,নোংরা ভাষায় গালিগালাজ করে, এবং আমার মেয়েকে তুলে নেওয়ার চেষ্টা করে। তারা আমার ছেলেকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে বলেও হুমকি দেয়।”
তিনি আরও বলেন, “প্রাণের ভয়ে সেদিন রাতেই মাহমুদুর এর চাচার সহযোগিতায় আমরা বাড়ি ছেড়ে চট্টগ্রামে চলে আসি। বর্তমানে একটি ভাড়া বাসায় অবস্থান করছি।” এলাকার আত্মীয়দের কাছ থেকে জানতে পারি,আমরা কোথায় আছি কেউ সন্ধান দিতে পারি ঐ বিএনপির পোষা সন্ত্রাসী রুমেল, কাউসার এবং তাদের সহযোগিরা তাকে পুরষ্কৃত করবে।
মুঠোফোনে যোগাযোগ করলে মাহমুদুর রহমান জানান, আওয়ামী লীগের সন্ত্রাসীদের নির্যাতন সহ্য করতে না পেরে আমি কানাডায় আশ্রয় নিয়েছি।পরিবারকে অসহায় অবস্থায় রেখে আমিও শান্তিতে নেই। তিনি বলেন, “আমরা ভেবেছিলাম ৫ আগস্টের পর দেশে শান্তি-শৃঙ্খলা ও ন্যায়বিচার ফিরে আসবে।বিএনপি সরকার ক্ষমতায় আসলে এই অমানবিক কর্মকাগুলো বন্ধ হবে। কিন্তু এখন মনে হচ্ছে, আওয়ামী লীগের অনেক লোক বিএনপি ও জামায়াতের ভেতরে ঢুকে আগের মতোই বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। আমার পরিবারের ওপর এই হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করছি।”
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302