
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়ে ড্রেজার-এক্সকেভেটরসহ পাথর ও বালু উত্তোলনের বিপুল সরঞ্জাম ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় ও সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে জাফলং-ডাউকি ইসিএ এলাকার বাউড়ভাগ হাওড়, নন্দিরভাগ হাওড়, চা বাগান, ঝুমপাড় ও জিরো পয়েন্ট এলাকায় পরিবেশের জন্য ক্ষতিকর ও অবৈধভাবে ব্যবহৃত ১০টি ড্রেজার মেশিন, ৬টি এক্সকেভেটর, ৫টি জেনারেটর, ৪৪টি বারকি নৌকা, ১৩টি কনভেয়ার বেল্ট, ১৫টি শ্যালো মেশিন এবং ৫টি ব্যাটারি ধ্বংস করা হয়। এছাড়া ৪টি ব্যাটারি জব্দ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, সিলেট বিভাগের অধীন জেলাসমূহে শব্দদূষণকারী ও অবৈধ উচ্চ শব্দযুক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে পর্যায়ক্রমে বায়ুদূষণ, পাহাড়-টিলা কর্তন, অবৈধ ইটভাটা এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির, সিলেট বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অভিযানে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302