• ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে সিলেট মহানগর যুব জমিয়তের নিন্দা

admin
প্রকাশিত মার্চ ১, ২০২৬
ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে সিলেট মহানগর যুব জমিয়তের নিন্দা

ইরানের ভূখণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যৌথ সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরী শাখা। নেতৃবৃন্দ এই হামলাকে একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর নগ্ন হস্তক্ষেপ এবং বিশ্বশান্তি বিনষ্টের অপপ্রয়াস বলে অভিহিত করেছেন।

আজ রোববার (১ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সভাপতি মাওলানা আসআদ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার বলেন, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনায় এই হামলা কেবল একটি নির্দিষ্ট ভূখণ্ডের ওপর আক্রমণ নয়, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যসহ বিশ্বশান্তিকে ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। সাম্রাজ্যবাদী শক্তিগুলো মুসলিম দেশগুলোর স্থিতিশীলতা নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে।

নেতৃবৃন্দ আরও বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক রীতিনীতির চরম লঙ্ঘন। কোনো সভ্য রাষ্ট্র এভাবে অন্য একটি স্বাধীন দেশের ওপর অতর্কিত হামলা সমর্থন করতে পারে না। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাবানল ছড়িয়ে দেওয়ার এই হীন প্রচেষ্টা বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির জন্য বিপর্যয় ডেকে আনবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে এই আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশ্ব মুসলিম উম্মাহকে নিজেদের ভেদাভেদ ভুলে মজলুমের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, তৌহিদী জনতা কোনো মুসলিম রাষ্ট্রের ওপর অন্যায় আঘাত মেনে নেবে না। অবিলম্বে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের জোর দাবি জানান তারা।

বিবৃতিতে সিলেট মহানগর যুব জমিয়তের নেতৃবৃন্দ ইরানের শান্তিপ্রিয় জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ দোয়া করেন।