• ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশের ওপর হামলা ও লুটপাটের মামলা: গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ছাত্রদল থেকে খয়রুজ্জামান বহিষ্কার

admin
প্রকাশিত জুলাই ২২, ২০২৬
পুলিশের ওপর হামলা ও লুটপাটের মামলা: গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ছাত্রদল থেকে খয়রুজ্জামান বহিষ্কার

স্টাফ রিপোর্টার: সিলেটের বিয়ানীবাজারে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, নাশকতা ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের মতো চাঞ্চল্যকর ফৌজদারী মামলায় অভিযুক্ত হওয়ায় বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক খয়রুজ্জামান-কে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। স¤প্রতি তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর ছাত্রদল এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে।

বুধবার (২২ জুলাই ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বিয়ানীবাজার উপজেলা শাখার এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করে সাংগঠনিক কার্যক্রমে সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকা এবং চাঞ্চল্যকর ফৌজদারী মামলায় নাম আসায় দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। এরই প্রেক্ষিতে বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে দলের সকল স্তরের পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত কার্যকর করেন।

গণমাধ্যমে প্রেরিত ওই বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, বহিষ্কৃত খয়রুজ্জামানের ব্যক্তিগত, আইনি বা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোনো অপকর্মের দায়-দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বা মূল দল (বিএনপি) কখনোই বহন করবে না। একই সাথে, সিলেট জেলা ও বিয়ানীবাজার উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি সুনির্দিষ্ট সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হয়েছে- তারা যেন বহিষ্কৃত এই নেতার সাথে কোনো ধরনের সাংগঠনিক, রাজনৈতিক বা ব্যক্তিগত সম্পর্ক বজায় না রাখেন।

আদালত ও সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, খয়রুজ্জামানের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় দন্ডবিধির ১৪৩/১৮৬/ ৩৩২/৩৩৩/৩৫৩/৩৭৯/৪৩৫/৪২৭/১১৪/৩৪ ধারায় একটি সুনির্দিষ্ট ফৌজদারী মামলা (মামলা নং-০৪, দায়েরের তারিখ: ১৫/০৭/২০২৪) রয়েছে। মামলাটিতে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় আড়াই লক্ষ টাকার লুটপাটের অভিযোগ আনা হয়েছে।

আদালত সূত্রে নিশ্চিত হওয়া গেছে, উক্ত মামলায় পুলিশের দেওয়া চার্জশিট (নং-১০৭) পর্যালোচনার পর গত ১০/০৬/২০২৫ তারিখে সিলেটের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তা গ্রহণ করেন (জি.আর. মামলা নং: ৭৭/২০২৪)। খয়রুজ্জামান আদালতে আত্মসমর্পণ না করায় আদালত তাকে পলাতক ঘোষণা করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর খাতায় পলাতক থাকা এবং নিজ দল থেকে চূড়ান্ত বহিষ্কারাদেশের ঘটনায় বিয়ানীবাজারের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, এই বহিষ্কারাদেশের মাধ্যমে ছাত্রদল প্রমাণ করলো যে অপরাধমূলক কর্মকান্ডে জড়িত কাউকে দল কোনোভাবেই প্রশ্রয় দেবে না।