
সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১নং বাঘা ইউনিয়নে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সদস্য মো. আশরাফুল ইসলাম এর বাড়িতে একাধিকবার হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
আশরাফুল ইসলামের মা জানান, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকেই তাদের পরিবারের ওপর হামলা ও নির্যাতন শুরু হয়। তিনি বলেন, নির্বাচনের পরপরই বিএনপির নেতাকর্মীরা আমাদের বাড়িতে হামলা চালায়। এরপর থেকে আমার স্বামী নিখোঁজ রয়েছেন।
পরিবারের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কয়েক দফায় তাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটে। সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি রাতে একদল দুর্বৃত্ত বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করেন আশরাফুল ইসলামের স্বজনরা।
আশরাফুল ইসলামের মা গণমাধ্যমকে জানান, তার ছেলে বর্তমানে বিদেশে অবস্থান করলেও বিএনপির নেতাকর্মীরা তাকে দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করছেন। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে আরও বড় ধরনের ক্ষতির হুমকিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সর্বশেষ হামলার ঘটনার পর থেকে আশরাফুল ইসলামের বাবা নিখোঁজ রয়েছেন। বিষয়টি নিয়ে পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। একইসঙ্গে হামলা, চাঁদাবাজি ও নিখোঁজের ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।