• ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিয়ানীবাজারে কানাডা প্রবাসীর বসতভিটা দখলের অভিযোগ নিজ ভাইদের বিরুদ্ধে

admin
প্রকাশিত জুন ১১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বিয়ানীবাজার: সিলেটের বিয়ানীবাজার উপজেলার ঘুঙ্গাদিয়া নোয়াগাঁও গ্রামে এক কানাডা প্রবাসীর বসতভিটা ও জমি জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে তার নিজ ভাইদের বিরুদ্ধে। স্থানীয় প্রভাবশালী ও ভাড়াটে সন্ত্রাসীদের সহায়তায় এ দখল কার্যক্রম চলছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, কানাডা প্রবাসী আমিনুল ইসলামের সাথে তার ভাইদের পৈতৃক ও কেনা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ৯ জুন আমিনুল ইসলামের তিন ভাই সফর উদ্দিন, বেলাল উদ্দিন এবং নুরুল ইসলাম স্থানীয় কিছু ভাড়াটে সন্ত্রাসীকে সাথে নিয়ে আমিনুল ইসলামের জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের কাজ শুরু করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় এলাকায় ত্রাস সৃষ্টি করতে যুবদলের স্থানীয় নেতা ও চিহ্নিত সন্ত্রাসী কামাল ওরফে ‘চাক্কু কামাল’ উপস্থিত ছিলেন। তার ভয়াবহ প্রভাব ও অস্ত্রের হুমকির কারণে গ্রামের সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পায়নি।

এ বিষয়ে গ্রামের বয়োজ্যেষ্ঠ বাসিন্দা রহিম উদ্দিনের সাথে কথা হলে তিনি ভূমি দখলের এই সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, “চাক্কু কামালের ভয়ে এই অবৈধ দখল ও বাড়ি নির্মাণের বিরুদ্ধে এলাকার কেউ কথা বলার সাহস পাচ্ছে না। প্রবাসীর পরিবারের লোকজন ভয়ে তটস্থ ও নিরাপদ দূরত্বে রয়েছেন।”

প্রবাসী আমিনুল ইসলামের অনুপস্থিতিতে তার পৈতৃক ও বসতভিটা জবরদখলের এই ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে প্রবাসীর সম্পত্তি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।