• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মুহিবুর রহমান একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ইয়ার এন্ডিং ক্লাস পার্টি অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬
মুহিবুর রহমান একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ইয়ার এন্ডিং ক্লাস পার্টি অনুষ্ঠিত

একুশে নিউজ ডেস্ক: মুহিবুর রহমান একাডেমিতে আজ মঙ্গলবার প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইয়ার এন্ডিং ক্লাস পার্টি ২০২৬।

সকাল থেকেই উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে একাডেমি প্রাঙ্গণ। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। এ উপলক্ষে শিক্ষার্থীরা নিজেদের শ্রেণিকক্ষ রঙিন সাজসজ্জা ও বাহারি উপকরণে সুসজ্জিত করে তোলে। প্রতিটি শ্রেণিকক্ষ যেন পরিণত হয় আনন্দ ও সৃজনশীলতার একেকটি মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, আম্বরখানা শাখার ব্যবস্থাপক মো. মকদ্দস আলী এবং একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিন, একাডেমির একাডেমিক কো-অর্ডিনেটরবৃন্দ এবং সকল শিক্ষক-শিক্ষিকা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা, নৈতিকতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথিবৃন্দও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে আনন্দময় ও সৃজনশীল শিক্ষার পরিবেশের গুরুত্ব তুলে ধরেন।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা সহপাঠীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয় এবং তৈরি করে অসংখ্য স্মরণীয় মুহূর্ত। পাঠ্যক্রমের নিয়মিত ব্যস্ততার বাইরে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানটি সফল ও সার্থক করে তুলতে একাডেমির একাডেমিক কো-অর্ডিনেটরবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের জন্য একাডেমি কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।