
স্টাফ রিপোর্টার, লন্ডন : প্রতিষ্ঠার ৫৪বছর পূর্তি উপলক্ষকে কেন্দ্র করে লন্ডনে জড়ো হয়েছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী পরিবারের শত শত নেতাকর্মী। গত ১১ নভেম্বর, বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত জনসভা যেন রূপ নেয় প্রবাসী বাঙালিদের এক বিশাল সমাবেশে।
অনুষ্ঠানের শুরুতেই চোখে পড়ে সাজসজ্জা আর আবেগের মিশেল।”ঐতিহ্যের আলোয়ে, তরুণের প্রবাহে, ভিড়বে তরী আগামীর পাড়ে” লেখা বড় ব্যানারের নিচে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, জাতীয় পতাকা আর “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান। লন্ডন ছাড়াও বার্মিংহাম, ম্যানচেস্টার, লুটন, ওল্ডহ্যাম, ব্র্যাডফোর্ড থেকে আসা প্রবাসীরা হল ভরে ফেলেন। সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মামুন। প্রধান বক্তা ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তাঁরা প্রত্যেকেই তাঁদের বক্তব্যে একটি বিষয়ে একমত হন প্রবাসে থাকলেও বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন নন তাঁরা।
প্রধান অতিথি আবু সাইদ আল মামুন বলেন, যুবলীগ শুধু একটি সংগঠন নয়, এটি বঙ্গবন্ধুর আদর্শে গড়া তরুণদের একটি আন্দোলনের নাম। তিনি ৫৪ বছরের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলেন, এই সংগঠন সবসময় দেশের সংকটে সামনের সারিতে থেকেছে। প্রবাসেও সেই আদর্শকে ধরে রাখতে হবে।
প্রধান বক্তা আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, দেশের রাজনৈতিক অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে তাঁদের উদ্বেগ ও প্রত্যাশা রয়েছে। প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি শফিকুর রহমান চৌধুরী তাঁর বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরেন। দেশের উন্নয়নে প্রবাসীদের রেমিট্যান্স, জনমত গঠন ও রাজনৈতিক সচেতনতার ভূমিকার প্রশংসা করেন তিনি।
জনসভা থেকে তিনটি দাবি সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হয়
১. ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে উঠেছিল। তাঁর প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য।
২. আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, বক্তারা এই নিষেধাজ্ঞাকে রাজনৈতিক অধিকার হরণ বলে আখ্যা দেন।
৩. গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনা, বক্তারা বলেন “ভোটাধিকার ছাড়া গণতন্ত্র অর্থহীন। মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে।” একই সঙ্গে বর্তমান সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহ-সভাপতি হরমুজ আলী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মিসবাহ সাদাত, যুক্তরাজ্য যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুক্তরাজ্য যুবলীগ সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, যুক্তরাজ্য ছাত্রলীগ সভাপতি তামিম আহমেদ, সাধারণ সম্পাদক সজীব ভূঁইয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগ সদস্য ও ছাতক উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সানাউল হক, যুক্তরাজ্য আওয়ামী লীগ সদস্য ও সহ-সভাপতি ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ ইউকে এবং জালালাবাদ থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুহসিন আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগ সদস্য ও মিরাশি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: রিপন চৌধুরী, যুক্তরাজ্য ছাত্রলীগ কর্মী ও সহ-সভাপতি ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ ইউকে মো: আলী আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ উপজেলা যুবলীগ মো: তোফায়েল আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্মী ও সদস্য ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ ইউকে কবির হোসাইন, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ কর্মী ও সাবেক কর্মী বিশ্বনাথ উপজেলা আওয়ামী যুবলীগ আব্দুল হামিদ। বক্তারা বলেন, ১৯৭২ সালের ১১ নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুবলীগ প্রতিষ্ঠিত হয়। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় যুবলীগের ভূমিকা অনস্বীকার্য। শুধু নেতারা নন, অনুষ্ঠানে বিপুলসংখ্যক সাধারণ প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষার্থী ও কমিউনিটি ব্যক্তিত্ব স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। তরুণ প্রজন্মের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই পরিবারসহ এসেছিলেন।
আয়োজকদের মতে, এই উপস্থিতিই প্রমাণ করে দূর প্রবাসেও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শেকড় গভীরে প্রোথিত। বক্তারা তরুণ প্রজন্মের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও শেখ হাসিনার উন্নয়নের দর্শনকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে। প্রবাসে থেকেও দেশের জন্য কাজ করা যায় তার প্রমাণ এই জনসভা। “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগানে মুখরিত এই জনসভা শেষ হয় ঐক্য ও আগামীর পথচলার দৃঢ় প্রত্যয় নিয়ে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।