
রাজনগর প্রতিনিধি::
মৌলভীবাজারে এনজিও সংগঠন রিডোর সভায় স্থানীয় কিছু মৌলবাদীরা হামলা চালিয়েছে। হামলায় পলি বেগম (২৮) এক এনজিও ঋন গ্রহীতা মারা যান। গত সোমবার (৩ সেপ্টেম্বর ২০১৮) দুপুর দেড়টায় মৌলভীবাজার জেলার রাজনগর থানার ২নং উত্তরভাগ ইউনিয়নের হলদিগুল গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত পলি বেগমের পিতা রহমত আলী বাদী হয়ে ৮ সেপ্টেম্বর মৌলভীবাজারের রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন, রাজনগর উপজেলার বকশীপুর গ্রামের মৃত আজাদ চৌধুরীর মেয়ে ও রিডোর ফিল্ড কো-অর্ডিনেটর মুন্না চৌধুরী (২৬), রাজনগর শাখা রিডোর ব্যবস্থাপক ও খলাগাঁও গ্রামের শ্যামল দাসের পুত্র অনুকূল দাস (৩৯) ও হলদিগুল গ্রামে রিডোর সভানেত্রী কালাম খানের মেয়ে আকলিমা খাতুন (২৯)।
জানা যায়, হলদিগুল গ্রামে রিডোর উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক সভা চলছিল। সভা চলাকালীন সময়ে স্থানীয় মৌলবাদীরা দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে সভায় হামলা চালায়। মৌলবাদীদের উপর্যোপরী আঘাতে গুরুতর আহত হন এনজিও ঋণ গ্রহীতা পলি বেগম সহ আরো কয়েকজন। পলি বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক জানান, হলদিগুল গ্রামে সংষর্ঘের ঘটনায় পলি বেগম নামে এক এনজিও ঋণ গ্রহিতা নিহত হয়েছেন। পলি বেগমের লাশের ময়না তদন্ত শেষে গতকাল ৮ সেপ্টেম্বর সকালে পলি বেগমের লাশ পরিবারের কাছে সমজিয়ে দেওয়া হয়েছে। লাশের দাফন কাপন শেষে রাতে পলির বাবা রহমত আলী বাদী হয়ে ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।