
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে স্থায়ী বাজার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদীর উত্তর পাড়ে অস্থায়ী বাজারে প্রায় ৩ শতাধিক মানুষ স্থায়ী বাজারের দাবিতে এই মানববন্ধন করেন।
জানাযায়, উপজেলার বেহেলী ইউনিয়ন পরিষদের বৌলাই নদীর উত্তর পাড় বেহেলী গ্রাম সংলগ্ন প্রায় তিন একর জায়গার উপর দীর্ঘ দিন যাবত অস্থায়ী হাট বাজার চালিয়ে আসছেন স্থানীয় ব্যবসায়ীরা। বর্ষাকালে পানির নিচে তলিয়ে যাওয়ার কারনে ব্যবসায়ীরা একেবারে বেকার হয়ে পড়েন। কিন্তু একটি মহল গোচারণ ভূমির অযুহাতে বাজারটিকে স্থায়ী করার উন্নয়নের ধারাকে বাঁধাগ্রস্ত করছে। বাজারটি ধ্বংস করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে দীর্ঘদিন যাবত। বেহেলী গ্রামের যারা এই বাজারটিকে উন্নয়নে বাঁধাগ্রস্ত করতে চাচ্ছেন তাদেরই পরিবার ও আত্নীয় স্বজনসহ বেহেলী গ্রামের রানু পাল, ঝুনু পাল, রাকেশ পাল, সজল পাল, ভজন পাল, প্রদীপ পাল, সাধন দাস, জয়দেব, জগদিশ, সুকান্ত, হিতাংশু, ডা. জিশু, ডা. দিবরাজসহ প্রায় ২০ জন ব্যবসায়ীর বন্দোবস্ত ভীট রয়েছে এই বাজারে। যারা বর্তমানে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছে। কিন্তু তারপরও বেহেলী গ্রামের দুষ্ট প্রকৃতির কয়েকজন লোক তাদের ব্যাক্তিগত ফায়দা আদায় করতে না পেরে প্রায় ১৫ গ্রামের মানুষের ব্যবসায়ী কেন্দ্রটিকে ধ্বংস করার অহেতুক চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানববন্ধনে অংশ নেন, ইসলামপুর, শিবপুর, চন্ডিপুর, রাধানগর, রহমতপুর, বেহেলী মশলঘাট, তিলকই, নতুন মশলঘাট, হরিনগর ও বাঘানী গ্রামবাসী।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামপুর গ্রামের মো. রইছ উদ্দিন, রাধানগর গ্রামের মো. আশাদুর রহমান, আবছার উদ্দিন, শিবপুরের সুরুজ্জামাল, বেহেলীর রানুপাল, ঝুনু পাল, মশলঘাটের ভজন দাস, নতুন মশলঘাটের আব্দুল জলিল।
এসময় বক্তারা বলেন, বেহেলী ইউনিয়নে নদীর উত্তর পাড়ের বেহেলী বাজার থেকে সরকার ইজারার মাধ্যমে রাজস্ব পাচ্ছে। তাই ১২ থেকে ১৫ গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি সরকারী উদ্যোগে অস্থায়ী বাজারটিকে স্থায়ী করার জন্য। এই গ্রামের মানুষ মৎস্য ও কৃষি নির্ভর। এখানে মাছ ও বিভিন্ন সবজি উৎপাদন করে থাকেন, কিন্তু রাস্তাঘাট ও স্থায়ী বাজার না থাকায় দীর্ঘ বছর যাবত তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তারা সরকারের কাছে এই বাজারটিকে স্থায়ী বাজার করার জোড় দাবি জানান।