
নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার দেবপাড়া ইউনিয়নের নারাইন্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম অপু আচার্য্য (২৭)। তিনি নারাইন্দি গ্রামের রথীন্দ্র আচার্য্যের ছেলে। আহত ব্যক্তি সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নারাইন্দি গ্রামের দুলাল মিয়া ও তার ভাইদের সাথে রথীন্দ্র আচার্য্যের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে এলাকায় একাধিকবার শালিস বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।
অভিযোগ রয়েছে,গত শুক্রবার দুলাল মিয়া, তার ভাইয়েরা ও তাদের সহযোগীরা বিরোধপূর্ণ জমিতে খুঁটি গেড়ে দখলের চেষ্টা করে। এর জেরে শনিবার বিকেলে অপু আচার্য্য ও তার বাবা রথীন্দ্র আচার্য্য ওই খুঁটি অপসারণ করতে গেলে দুলাল মিয়া, তার ভাইয়েরা ও তাদের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়।
এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে রথীন্দ্র আচার্য্যকে উদ্ধার করা সম্ভব হলেও অপু আচার্য্য মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে তাকে দ্রুত সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
আহতের পিতা রথীন্দ্র আচার্য্য বলেন, “ওই জমির বৈধ কাগজপত্র আমাদের নামে রয়েছে। দুলাল মিয়া এবং তার ভাইয়েরা এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করছে। বিষয়টি নিয়ে একাধিকবার শালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এরপরও তারা জোরপূর্বক জমিতে খুঁটি স্থাপন করেছে।”
অভিযুক্ত দুলাল মিয়ার বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।