• ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আনন্দঘন পরিবেশে স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় বাংলা নববর্ষ উদযাপন

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৬
আনন্দঘন পরিবেশে স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় বাংলা নববর্ষ উদযাপন

স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোচনা সভা, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সকল আয়োজনগুলো ছিল অত্যন্ত প্রাণবন্ত ও উপভোগ্য। বৈশাখী গান, ঐতিহ্যবাহী পুতুল নাচ, আবৃত্তি, নাট্য পরিবেশনা, বৈশাখী আলোচনা ও টক শো ও ফ্যাশন-শো সহ নানা চমৎকার পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে সুন্দরভাবে তুলে ধরে।

দিনের কার্যক্রম শুরু হয় বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে। অতিথি, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে এ শোভাযাত্রা এক নতুন প্রাণের সঞ্চার করে।

পাশাপাশি বৈশাখী মেলায় ছিল বিভিন্ন স্টল, যেখানে হস্তশিল্প, দেশীয় পণ্য ও ঐতিহ্যবাহী খাবারের সমাহার দর্শনার্থীদের আকর্ষণ করে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সেক্রেটারি ও দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার সিরাজুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তোলার আহ্বান জানান। সভাপতি তাঁর বক্তব্যে পহেলা বৈশাখের ইতিহাস ও ব্যক্তি, সমাজ এবং জাতীয় জীবনে এর প্রভাব সহ নানাবিধ অজানা তথ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অভিভাবক মোঃ বেলাল হোসেন।

এছাড়াও উপাধ্যক্ষ মিস শানিজ ফাতেমা ইব্রাহিম ও সমন্বয়ক শর্মিলী রায়ের আন্তরিক প্রচেষ্টায় পুরো আয়োজনটি হয়ে ওঠে আরও সুশৃঙ্খল ও সফল। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন মিস শারমিন সুলতানা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অভিভাবকদের সমবেত সঙ্গীত পরিবেশনা। অভিভাবকদের অনুরোধে প্রতিষ্ঠানের অধ্যক্ষ তাঁদের সাথে গানে যোগ দিলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অভিভাবকদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমগ্র অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। সব মিলিয়ে, এবারের পহেলা বৈশাখ উদযাপনটি ছিল আনন্দ, উৎসব ও সংস্কৃতির এক অনন্য মিলনমেলা, যা সকলের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।