
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলা যুবলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী জুবায়ের আহমদ চৌধুরীর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গত ০২ আগষ্ট ২০২৬ তারিখে জুবায়ের আহমদ চৌধুরীর বাড়ি কাগাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বিএনপি- জামাতের নেতাকর্মীরা একযোগে সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, অগ্নিসংযোগ ও হামলা করে। এরই ধারাবাহিকতায় বানিয়াচং উপজেলা যুবলীগ নেতা জুবায়ের আহমদ চৌধুরীর বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়। বিএনপি-জামাতের নেতাকর্মীরা সন্ত্রাসীরূপে জুবায়ের আহমদ চৌধুরীকে খুঁজে তার বাড়িতে যায়। এ সময় তারা তাকে বাড়িতে না পেয়ে তার বাড়ী-ঘরে হামলা ও ভাংচুর চালায়। শুধুমাত্র যুবলীগের রাজনীতি করার অপরাধে তার বাড়িতে অতর্কিত হামলা করা হয়। এসময় হামলাকারীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিলো। তারা চিৎকার দিয়ে জুবায়ের আহমদ চৌধুরীকে খুঁজিতে থাকে, তারা তাকে যেখানে পাবে প্রাণে মেরে ফেলবে বলে হত্যা হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যায়।
ঘটনার বিষয়ে জুবায়ের আহমদ চৌধুরীর বাবা খালেদ আহমদ চৌধুরী এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিএনপি-জামাতের ক্যাডারা আমার বাড়িতে হামলা চালিয়েছে। আমার ছেলে যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে হামলা করা হয়েছে। বর্তমানে স্থানীয় বিএনপি জামাতের ক্যাডারদের ভয়ে আমি এবং আমার পরিবার চরম আতংকের মধ্যে বসবাস করছি।
ঘটনার বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যুবলীগ নেতা জুবায়ের আহমদ চৌধুরী এর বাড়িতে হামলা ও ভাংচুরের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।