• ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকার পতনের পর ওসমানীনগরে কয়েকটি হিন্দু পরিবারের উপর মৌলবাদীদের হামলা

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২৪
সরকার পতনের পর ওসমানীনগরে কয়েকটি হিন্দু পরিবারের উপর মৌলবাদীদের হামলা

নিজস্ব প্রতিনিধি : গত ০৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তন হওয়ার সাথে সাথে হিন্দু পরিবারের উপর হামলার খবর পাওয়া গেছে। খবর নিয়ে জানা যায়, ওসমানীনগর থানার গুপ্তপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় মৌলবাদীদের কর্তৃক কয়েকটি হিন্দু পরিবারের বাড়িঘর ভাংচুর ও হামলার ঘটনা ঘটে। এ সময় মৌলবাদীরা বেশ কয়েকটি বাড়িতে ভাংচুর চালিয়ে হিন্দু সম্প্রদায়ের কয়েকজন কে আহত করে।

গুপ্তপাড়া গ্রামের আহত নীহার দেবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দেশের এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে হিন্দু সম্প্রদায়ের লোকেরা নিরাপদ নয়। সারাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকদের হামলার পাশাপাশি তাদের গ্রামের কয়েকটি বাড়িতে হামলা হয়েছে। গত (৬ আগস্ট) মঙ্গলবার দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় স্থানীয় ১০/১৫ জনের একটি গ্রুপ তাদের বাড়িতে হামলা করে। এ সময় তারা বাড়িঘর ভাংচুর শুরু করিলে তিনি ও তার স্ত্রী তাদেরকে বাধা দেন। একপর্যায়ে মৌলবাদীরা তাকে ও তার স্ত্রীকে শারীরিকভাবে আঘাত করে আহত করে।

অপরদিকে একই গ্রামের, সঞ্জয় কুমার দাস, সুদীপ দাস এর বাড়িতেও হামলার খবর পাওয়া গেছে।