• ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্ববাংলার ২৩ বছরের প্রকাশনা কেমুসাস লাইব্রেরিতে প্রদান

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৬
বিশ্ববাংলার ২৩ বছরের প্রকাশনা কেমুসাস লাইব্রেরিতে প্রদান

ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) লাইব্রেরিতে মাসিক বিশ্ববাংলার গত ২৩ বছরের প্রকাশনা প্রদান করা হয়েছে। পত্রিকাটির দীর্ঘদিনের প্রকাশিত সংখ্যাগুলো বাঁধাই করে লাইব্রেরির সংগ্রহে সংরক্ষণের জন্য প্রদান করেন বিশ্ববাংলার সম্পাদক, কবি ও সাংবাদিক মুহিত চৌধুরী।

রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়ালের হাতে বিশ্ববাংলার ২৩ বছরের প্রকাশনাসমূহ তুলে দেওয়া হয়। দীর্ঘ সময়ের সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও সমকালীন বিষয়ভিত্তিক লেখার সমৃদ্ধ এই সংকলন কেমুসাস লাইব্রেরির সংগ্রহকে আরও সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ সময় কেমুসাসের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল বলেন, “গত ২৩ বছরে প্রকাশিত বিশ্ববাংলার প্রতিটি সংখ্যায় অনেক গুরুত্বপূর্ণ লেখা রয়েছে। এসব লেখা গবেষক, লেখক, শিক্ষার্থী ও সাহিত্য-সংস্কৃতির অনুরাগীদের জন্য অত্যন্ত সহায়ক হবে। দীর্ঘ সময়ের প্রকাশনাগুলো একত্রে সংরক্ষিত থাকায় ভবিষ্যৎ প্রজন্মও এসব লেখা থেকে উপকৃত হতে পারবে।”

বিশ্ববাংলার সম্পাদক কবি মুহিত চৌধুরী বলেন, “ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের লাইব্রেরিতে বিশ্ববাংলার ২৩ বছরের প্রকাশনা প্রদান করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। একটি পত্রিকার প্রকাশিত সংখ্যাগুলো শুধু সময়ের দলিল নয়, এগুলো সমকালীন সমাজ, সাহিত্য, সংস্কৃতি ও চিন্তাচর্চারও গুরুত্বপূর্ণ উপাদান। আমি আশা করি, বিশ্ববাংলার এসব প্রকাশনা কেমুসাস লাইব্রেরির পাঠক ও গবেষকদের প্রয়োজন মেটাতে ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, দীর্ঘ ২৩ বছরের প্রকাশনা একত্রে বাঁধাই করে একটি ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠানের লাইব্রেরিতে সংরক্ষণের এই উদ্যোগ সাময়িকী ও সাহিত্যপত্রের আর্কাইভ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রকাশনার মাধ্যমে সময়ের সাহিত্য-সংস্কৃতি ও চিন্তাধারাকে ধরে রাখার পাশাপাশি এসব প্রকাশনা ভবিষ্যতের গবেষণা ও ইতিহাসচর্চার জন্যও মূল্যবান উপাদান হিসেবে বিবেচিত হতে পারে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, আল ইসলাহ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, লাইব্রেরি সম্পাদক নাজমুল আনসারী, সাহিত্য সম্পাদক কামরুল আলম, সহলাইব্রেরি সম্পাদক ইশরাক জাহান জেলি, কার্যকরী পরিষদের সদস্য অ্যাডভোকেট কামাল তৈয়ব, মিনহাজ ফয়সল এবং জীবন সদস্য সৈয়দ বদরুল আলম প্রমুখ।