• ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

বাঞ্ছারামপুরে আওয়ামীলীগ নেতার বাড়িতে পুলিশের অভিযান

admin
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৪
বাঞ্ছারামপুরে আওয়ামীলীগ নেতার বাড়িতে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিনিধি: বাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হোসেনপুর গ্রামের আবুল কালামের পুত্র আওায়ামীলীগ নেতা ওয়াদুদ মন্ডলকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান চালায় বাঞ্ছারামপুর থানা পুলিশ। ওয়াদুদ মন্ডল বাঞ্ছারামপুর থানার ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক। অভিযানকালে পুলিশের সাথে বেশ কয়েকজন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মী ছিলেন।

আওয়ামীলীগ নেতা ওয়াদুদ মন্ডলের স্ত্রী লিপি আক্তার অভিযোগ করেন, পুলিশ বাড়িতে ঢুকে ওয়াদুদ মন্ডলকে খুঁজতে থাকে। ওয়াদুদ মন্ডল ঘরে নেই জানালে তারা সারা ঘরজুড়ে তল্লাশির নামে তছনছ করে এবং অকথ্য ভাষায় পরিবারের সদস্যদের গালিগালাজ করে। এতে তিনি প্রতিবাদ করলে পুলিশ তাকে টেনে হিচড়ে ঘর থেকে বের করে বারান্দায় নিয়ে আসে এবং বলে তোর স্বামী মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। তাকে আমাদের হাতে তুলে না দিলে তুই এবং তোর পরিবারের সদস্যদের মামলায় জড়িয়ে তুলে নিয়ে কোর্টে চালান দেব। এ কথার সাথে সাথে পুলিশের ভয়ে পলায়ন করে অন্য বাড়ীতে গিয়ে আশ্রয় গ্রহন করেন। এসময় পুলিশের সাথে থাকা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরাও বাড়িতে ভাংচুর ও লুটপাট করে।

তিনি আরও অভিযোগ করেন, তার স্বামী ওয়াদুদ মন্ডল আওয়ামীলীগ রাজনীতি করায় তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। এখন ওয়াদুদ মন্ডলকে গ্রেফতার করতে না পেরে পুলিশ বাড়িতে অভিযান চালাচ্ছে। অন্যদিকে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরাও নানা ধরনের নির্যাতনসহ হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। চরমভাবে নিরাপত্তাহীনতায় অসহায় হয়ে পড়েছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর সংগঠনের নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন। তবে তাদের বিরুদ্ধে একাধিক মামলা দেয়া হয়েছে। তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান সহ সম্ভাব্য সব স্থানে ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। যাদেরকে পাওয়া গেছে তাদেরকে মারধর করে জেলে পাঠানো হয়েছে আবার অনেককে হত্যা করা হয়েছে। ওয়াদুদ মন্ডলের বিরুদ্ধেও বাঞ্ছারামপুর থানায় মামলা রয়েছে।

এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসরদের ধরতে তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওয়াদুদ মন্ডলের বাড়িতে অভিযান চালানো হয়েছে। তাকে পাওয়া যায়নি। তবে তাকে আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে।