• ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

ট্যালেন্টফুল রেবতী, সিলেটের নজরে ভক্তিবেদান্ত: বৃত্তিতে জাতীয়ভাবে তৃতীয় স্কুল

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬
ট্যালেন্টফুল রেবতী, সিলেটের নজরে ভক্তিবেদান্ত: বৃত্তিতে জাতীয়ভাবে তৃতীয় স্কুল

সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল আবারও প্রমাণ করেছে তাদের শিক্ষার মান ও ধারাবাহিক সাফল্য। ২০২৫ সালে অনুষ্ঠিত বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফলাফল শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে। এই স্কুল জাতীয়ভাবে তৃতীয় স্থান অর্জন করেছে।

এ বছর স্কুলের ৭০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে, যার মধ্যে ২৬ জন ট্যালেন্টফুল বৃত্তি এবং বাকিরা সাধারণ বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টফুল বৃত্তি অর্জন করেছেন মেধাবী শিক্ষার্থী রেবতী মোদক, যার এই সাফল্যে বিদ্যালয় পরিবার, শিক্ষকবৃন্দ ও সহপাঠীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

রেবতী মোদক স্থানীয় সাংবাদিক সঞ্জয় কুমার মোদক ও বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য সহকারী হেপী রানী পাল দম্পতির প্রথম কন্যা সন্তান এবং বর্তমানে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, নিয়মিত একাডেমিক চর্চা, শিক্ষার্থীর প্রতি যত্নশীল দিকনির্দেশনা এবং নৈতিক শিক্ষা প্রদানের সমন্বয়ই শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য অর্জনে অনুপ্রাণিত করছে। অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রেবতী তার এই অর্জনের জন্য বাবা-মা ও শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার পরিবারও এই সাফল্যে আনন্দিত ও গর্বিত। তারা সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন যেন রেবতী ভবিষ্যতেও পড়াশোনায় ভালো ফলাফল ধরে রাখতে পারে এবং সমাজ ও দেশের কল্যাণে নিজেকে গড়ে তুলতে পারে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলা তাদের প্রধান লক্ষ্য।

রেবতীর এই অর্জন এবং স্কুলের জাতীয় মান প্রমাণ করছে, ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল দেশের শীর্ষ বৃত্তি অর্জনকারী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম।