• ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বড়লেখায় ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ভাংচুর প্রাণনাশের হুমকী

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২৪
বড়লেখায় ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ভাংচুর প্রাণনাশের হুমকী

হামলায় ভাংচুরকৃত আসবাবপত্র ও ঘরের দেয়াল

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের চিন্তাপুর গ্রামে ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ এর বসত বাড়িতে হামলা ভাংচুর ও প্রাণনাশের হুমকীর ঘটনা ঘটেছে। ৭ আগস্ট বুধবার রাত ৮টার দিকে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৫/২০ জনের একদল লোক এই ঘটনাটি ঘটিয়েছে। ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ স্থানীয় চিন্তাপুর গ্রামের মোঃ বাবুল হোসেনের পুত্র ও বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক।

জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সারাদেশের ন্যায় বড়লেখা উপজেলায়ও রাজনৈতিক পূর্ব বিরুদ্ধের জের ধরে পতিত আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা এবং তাদের অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও বসত বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ফলে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রাণের ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। ঘটনার দিন ৭ আগস্ট বুধবার রাত ৮ দিকে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর ইকবাল, সাজু, সাইদুল, সুমন ও মঈনের নেতৃত্বে ১৫/২০ জনের একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রলীগ নেতা আব্দুস সামাদের বাড়ি যায়। তারা জোরপূর্বক বসতঘরে ঢুকে আব্দুস সামাদকে সন্ধান করে, তাকে না পেয়ে ঘরের ভিতর এলোপাতাড়ি হামলা চালায়। তারা লাঠি, হকিস্টিক ও লোহার রড দিয়ে ঘরের আসবাবপত্র ও দরজা-জানালায় ভাংচুর চালায়। এসময় আব্দুস সামাদের মা বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। এসময় ভয়ে পরিবারের লোকজন চিৎকার ও কান্নাকাটি শুরু করে। চিৎকার শুনে প্রতিবেশী লোকজন ছুটে এসে তাদেরকে নিবৃত করে। এসময় হামলাকারীরা প্রকাশ্যে হুমকী দিয়ে যায়, আব্দুস সামাদকে যেখানে পাবে সেখানেই খুন করবে।

এই ঘটনায় আব্দুস সামাদ ও তার পরিবারের লোকজনের মধ্যে জীবনের নিরাপত্তা নিয়ে আতংকিত হয়ে পড়েছেন।