• ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

প্রবাসী ছাত্রদল নেতার পরিবারকে হুমকি ও নিরাপত্তাহীনতার অভিযোগ

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধি : প্রবাসে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতার পরিবারকে দীর্ঘদিন ধরে হুমকি ও সন্ত্রাসের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ২০২১ সালে দায়েরকৃত একটি মামলার পরও স্থানীয় রাজনৈতিক গোষ্ঠী পরিবারের ওপর চাপ তৈরি করছে।

ভুক্তভোগী পরিবার জানায়, ইমরান আহমদ সাঈদ ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ শাখার প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পরিবারের দাবি, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে রাজনৈতিক বিরোধের কারণে ছেলের বিরুদ্ধে ছাতক থানায় মিথ্যা মামলা দায়ের করা হয়।

এরপরও পরিস্থিতি স্থিতিশীল হয়নি। পরিবার জানায়, ২০২৩ সালের নভেম্বর মাসে ছাত্রলীগের কয়েকজন কর্মী তাদের বসতবাড়িতে এসে ইমরান আহমদ সাঈদের অবস্থান জানতে চাইলে তারা দেশত্যাগের বিষয়টি জানালে বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

বিশেষত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। পরিবারকে অভিযোগ, বিভিন্ন সময়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কয়েকজন ব্যক্তি তাদের বাড়িতে এসে হুমকি দিয়েছেন, যাতে তারা জানায়, ইমরান আহমদ সাঈদকে খুঁজে পেলে তাকে হত্যা করা হবে।

পরিবারের দাবি, এই পরিস্থিতির কারণে তারা দীর্ঘমেয়াদি নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সরকারি হস্তক্ষেপ না হলে ভয়াবহ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সচেতন মহল পরিবারকে নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।