
শাহরাস্থি প্রতিনিধিঃ চাঁদপুর জেলার শাহরাস্থি উপজেলার হাজিগঞ্জ বাজারের ব্যবসায়ী মোঃ রাশেদ এর উপর রাতের আঁধারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় ঐ ব্যবসায়ী গুরুতর রক্তাক্ত আহত হয়েছেন। ২১ ফেব্রুয়ারি রবিবার রাত ১০টার দিকে হাজিগঞ্জ বাজারের সন্নিকটবর্তী মান্নান সিএনজি ফিলিং ষ্টেশনের পাশে এই ঘটনাটি ঘটে। আহত ব্যবসায়ী মোঃ রাশেদ স্থানীয় চেঙ্গাচাল গ্রামের সেকান্দার আলীর পুত্র। বর্তমানে তিনি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসাধীন রয়েছেন।
জানা যায়, স্থানীয় হাজিগঞ্জ বাজারের কাতার-কানাডা টাওয়ারের ‘লাক্সারী সুজ’ এবং ‘লাক্সারী প্লাস’ এর মালিক মোঃ রাশেদ ঘটনার দিন রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে স্থানীয় মান্নান সিএনজি ফিলিং ষ্টেশনের পাশে যাওয়ার পর সেখানে পূর্ব থেকে উৎপেতে থাকা ৪/৫ জনের একদল সন্ত্রাসী তার পথরোধ করে। কোন কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে বেদড়ক কিল, লাথি মারে এবং লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। প্রাণ বাঁচাতে তিনি চিৎকার করলে পথচারী লোকজন এগিয়ে আসেন। লোকজন আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি ঐ হাসপাতালে ভর্তি রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার মাথার দুটি স্থান ও ঘাড়ে রক্তাক্ত জখম রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যবসায়ী মোঃ রাশেদ বলেন, গত সপ্তাহে আমার প্রতিবেশী ব্যবসায়ী আছাদ পাঠানের সাথে আমার কথাকাটি হয়। আজ যারা আমার উপর হামলা চালিয়েছে তারা আছাদ পাঠানের লোক। আমাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছিল। মহান আল্লাহ সহায় থাকায় আমি প্রাণে রক্ষা পেয়েছি। আমি এখন জীবনের নিরাপত্তা নিয়ে চরম আতংকের মধ্যে রয়েছি।
এ বিষয়ে বক্তব্য জানতে ব্যবসায়ী আছাদ পাঠানের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেননি।