
কুমিল্লা জেলা সংবাদদাতা: কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। নিহত রাসেল ইসলাম পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। এবং তার বাবা একই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং উত্তর শাকতলী গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম। গতকাল সকাল ১০ টার দিকে উত্তর শাকতলী গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় জনসাধারণ ও পুলিশ সূত্রে জানা যায়,দীর্ঘ দিন থেকে বিএনপি নেতা সাইফুল ইসলামের সাথে জমি নিয়ে একই গ্রামের হেদায়েতুল্লাহ’র বিরোধ চলছিল। গতকাল (১৮ নভেম্বর) সকালে হেদাতুল্লাহ লোকবল নিয়ে জোরপূর্বকভাবে বিরোধপূর্ণ জমিতে মাটি ভরাট করতে গেলে সাইফুল ইসলামের পরিবার বাঁধা প্রদান করেন। এ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে সাইফুল ইসলামের ছেলে রাসেল ইসলাম,হেদায়েতুল্লাহ,আহসানুল্লাহ সহ উভয় পক্ষের কয়েকজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় রাসেল ইসলামকে কুমিল্লা জেলা সদরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলমান অবস্থায় রাত আনুমানিক ১১ টার দিকে রাসেল মারা যায়।
ছাত্রদল নেতা রাসেলের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। নিহতের আত্বীয়-স্বজন, বিএনপি,যুবদল এবং ছাত্রদলের বিক্ষোব্ধ কর্মীরা গত রাতেই হামলায় জড়িত হেদায়েতুল্লাহ ও আহসানুল্লাহর বাড়িতে অগ্নিসংযোগ করে।
অপরদিকে গত রাতে সংঘর্ষে জড়িত হেদাতুল্লাহ ও তার ভাই আহসানুল্লাহকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ আটক করেছে বলেও খবর পাওয়া গেছে। নাঙ্গলকোট থানার অফিসার ইনাচার্জ (ওসি) আরিফুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ কমকর্তা আরিফুর রহমান মিডিয়াকে জানিয়েছেন,ময়নাতদন্ত ও অন্যান্য প্রক্রিয়া শেষে আজ সকালে নিহত রাসেলের লাশ তার পরিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এবং এ ঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে আজ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক হেদায়েতুল্লাহ ও তার ভাই আহসানুল্লাহকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার ২নং আসামী হেদায়েতুল্লাহর ছেলে আলা উদ্দিন সহ জড়িত অন্যান্যদের গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।