
হাজীগঞ্জ প্রতিনিধি : চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী নেতার দোকান থেকে অবৈধ মাদকদ্রব্য গাজা ও ইয়াবা উদ্ধার করেছে র্যাব। ৩ জানুয়ারী সোমবার সন্ধ্যা ৭.৩০ ঘটিকার দিকে র্যাব-১১ এর অর্ন্তভূক্ত চাঁদপুর শাখা ক্যাম্পের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১ কেজি গাজা ও ৫০ পিছ ইয়াবা উদ্ধার করেছে। এ সময় হাজীগঞ্জ বাজারের কাতার-কানাডা টাওয়ারের ‘লাক্সারী সুজ’ এবং ‘লাক্সারী প্লাস’ নামক ঐ দোকানের মালিক হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ রাশেদকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত মোঃ রাশেদ স্থানীয় চেঙ্গাচাল গ্রামের সেকান্দার আলীর পুত্র। জানা যায়, র্যাবের অভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ব্যবসায়ী নেতা মোঃ রাশেদের দোকানে অবৈধ মাদকদ্রব্য মজুদ রয়েছে। সংবাদ পাওয়ার পর র্যাবের ৭ জনের একটি অভিযানিক দল ঘটনার দিন সন্ধ্যা ৭.৩০ ঘটিকার দিকে এই দোকানে অভিযান চালায়। এসময় উপস্থিত দোকানের মালিক মোঃ রাশেদকে র্যাবের অফিসার জিজ্ঞাসাবাদ করেন আর অপর সদস্যরা দোকানে তল্লাসী শুরু করে। তল্লাশীর একপর্যায় দোকানের তাড়িয়ার নীচে জুতার বক্সের ভিতর কালো পলিথিনে মোড়ানো অবস্থায় প্রায় ৫০০ গ্রাম গাঁজা ও একটি কোঠার ভিতর ৫০ পিছ ইয়াবা পাওয়া যায়। এসময় দোকানের মালিক মোঃ রাশেদকে গ্রেফতার এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে নিয়ে যায় র্যাব।
এই ঘটনায় হাজীগঞ্জ বাজারসহ এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকার অধিকাংশ লোকজন মনে করেন মোঃ রাশেদ এই ধরণের মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত নন, তাকে পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে। আবার অনেকে বলছেন, তার দোকান থেকে যখন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে, তখন তিনিই জড়িত।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রথমবারের মতো প্রতিদ্বন্ধিতা করে বিপুল ভোটে সাধারন সম্পাদক নির্বাচিত হন গ্রেফতারকৃত মোঃ রাশেদ। হাজীগঞ্জ বাজারে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত ব্যবসায়ী র্যাব হেফাজতে রয়েছেন, তাকে এখনো হাজীগঞ্জ থানায় হস্তান্তর করেনি র্যাব।