
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সূর্যপুর এলাকায় ছাত্রলীগ নেত্রী ইতি ভৌমিকের বাবা অমল কৃষ্ণ ভৌমিকের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। রবিবার (১৬ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানায়, একদল হামলাকারী দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। পরিবারের দাবি, হামলাকারীরা বিএনপি ও জামায়াত-শিবিরের সমর্থক ছিল।
অমল কৃষ্ণ ভৌমিক জানান, তার মেয়ে ইতি ভৌমিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণেই তাদের পরিবারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তার মেয়েকে নিয়ে অশালীন মন্তব্য করা হয় এবং দেশে ফিরলে ধর্ষণের হুমকিও দেওয়া হয়।
পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, ছাত্রলীগ নেত্রীর ভাই সজিব ভৌমিক-কেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে বলে জানা গেছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, হামলা ও ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এখনো কোন মামলা বা অভিযোগ পাওয়া যায়নি, মামলা দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।