
নিজস্ব প্রতিবেদক, ফুলতলা : খুলনা জেলার ফুলতলা থানার বুড়িয়ারডাঙ্গা গ্রামে এক তরুণীকে (শারমিন আক্তার সাথী) নিজ বাসগৃহে অবরুদ্ধ করে জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালিয়েছে তার আপন চাচাতো ভাই ও সহযোগীরা।
ঘটনার বিবরণীতে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে ভুক্তভোগী তরুণীর আব্বু মোঃ ওয়াহিদুজ্জামান ব্যবসায়িক প্রয়োজনে ঢাকায় অবস্থান করছিলেন। ওই দিন বিকেলে তরুণীর আম্মু আছিয়া জামান পাশের একটি বাসায় যান। এই সুনির্দিষ্ট সুযোগটি গ্রহণ করে ভুক্তভোগী তরুণীকে নিজ বাসগৃহে সম্পূর্ণ একা পেয়ে তার আপন চাচাতো ভাই তার দলবল ও কয়েকজন অজ্ঞাতনামা সন্ত্রাসী সহযোগীকে সাথে নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা ভুক্তভোগীর ওপর অতর্কিতে চড়াও হয় এবং শরীরের বিভিন্ন অংশে হাত দিয়ে জোর জবরদস্তিপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা চালায়।
ধস্তাধস্তির একপর্যায়ে অভিযুক্তরা ভুক্তভোগীকে স্পষ্ট ভাষায় হুমকি দিয়ে বলতে থাকে যে, তাদের পৈত্রিক বাড়িটি যদি অবিলম্বে তাদের নামে লিখে দেওয়া না হয়, তবে তাকে জানের শেষ করে মেরে ফেলা হবে। এই মারাত্মক ও আক্রমণাত্মক পরিস্থিতিতে ভুক্তভোগী তরুণী আত্মরক্ষার্থে সর্বশক্তি দিয়ে বাধা প্রদান করেন এবং উচ্চস্বরে চিৎকার শুরু করেন। তরুণীর চিৎকারের আওয়াজ শুনে পাশের বাড়ি থেকে তার মা এবং আশেপাশের প্রতিবেশী লোকজন অত্যন্ত দ্রুততার সাথে ঘটনাস্থলে ছুটে আসেন। এলাকাবাসী ও ভুক্তভোগীর মা একসাথে ঘরের ভেতরে চলে আসায় অভিযুক্তরা তাদের জঘন্য ও পাশবিক কাজে সফল হতে পারেনি এবং লোকজনের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পলায়ন করে। এই বর্বরোচিত ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।