
নিজস্ব প্রতিবেদক: সিলেটে নারী জাগরণ কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় ২০ জন আসামিকে বিভিন্ন মেয়াদের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে গত ১৯ এপ্রিল সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতের রায়ে ১০ (দশ) বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মোছা: সীমা বেগম ও গোলাম আহমদ সেলিম চৌধুরী। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া মামলার আরও ১৮ জন আসামিকে বিভিন্ন ধারায় ৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে আরও দুইজন আসামিকে পৃথক ধারায় ৩ (তিন) বছরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা অর্থদণ্ড এবং বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় ৭ (সাত) বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত কারাভোগের নির্দেশও দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পর পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতের পরোয়ানায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২ আগস্ট দায়ের হওয়া এ মামলায় মোট ২৩ জনকে আসামি করা হয়েছিল। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন।