• ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে সাবেক ছাত্রলীগ নেতা মোঃ রুবায়েত ইসলামের বাড়িতে হামলা-ভাঙচুর: মা ও বোন লাঞ্ছিত

admin
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৫
ময়মনসিংহে সাবেক ছাত্রলীগ নেতা মোঃ রুবায়েত ইসলামের বাড়িতে হামলা-ভাঙচুর: মা ও বোন লাঞ্ছিত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ শহরের গোহাইলকান্দি মীরবাড়ি এলাকায় কোতোয়ালী থানার মামলায় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা মোঃ রুবায়েত ইসলামের পৈতৃক বসতবাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর এবং মা ও গর্ভবতী বোনকে শারীরিক লাঞ্ছনার ঘটনা ঘটেছে। গত ৩১ ডিসেম্বর ২০২৪ গভীর রাতে এই সহিংসতার ঘটনা ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর রাতে একদল সশস্ত্র ব্যক্তি গোহাইলকান্দি মীরবাড়ি এলাকায় মোঃ রুবায়েত ইসলামের পৈতৃক বসত ভবন ঘেরাও করে। আক্রমণকারীরা ছিল স্থানীয় বিএনপি-জামায়াত সমর্থিত ক্যাডার এবং আন্দোলন-পরবর্তী সুবিধাভোগী রাজনৈতিক প্রতিপক্ষ, যাদের স্থানীয় দলীয় পরিচয় ভুক্তভোগী পরিবারের কাছে সুপরিচিত ছিল। আক্রমণ চালানোর সময় তারা সাবেক সরকার ও ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল এবং সরাসরি মোঃ রুবায়েত ইসলামের নাম ধরে চিৎকার করছিল। মোঃ রুবায়েত ইসলামকে বাড়িতে না পেয়ে হামলাকারীরা ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে। এ সময় বাধা দিলে মোঃ রুবায়েত ইসলামের মায়ের ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং রান্নাঘর থেকে উত্তপ্ত গরম তেল এনে গায়ে ঢেলে দেওয়া হয়। একই সময় ঘরে থাকা তাঁর গর্ভবতী বোনকে অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিকভাবে চরম লাঞ্ছিত করা হয়। আহত মা ও বোনকে পরবর্তীতে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা ও পরিবার জানায়, হামলাকারীদের রাজনৈতিক পরিচয় ও চেহারা জানা সত্ত্বেও চরম আতঙ্কের কারণে পরিবারটি থানায় কোনো লিখিত জিডি বা অভিযোগ করতে পারেনি। কারণ প্রতিপক্ষ হুমকি দিয়েছিল যে, থানায় কোনো নাম জানালে গর্ভবতী বোনসহ পুরো পরিবারকে রাতেই মেরে ফেলা হবে। ঘটনার পর থেকে পৈতৃক বাসভবনটিতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে পরিবারটি।

হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, দুই-তিন দিন ধরে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী এলাকায় সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছিল। যার পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় তারা গোহাইলকান্দি বাজারে একটি প্রতিবাদ সমাবেশ করেছে। ওই সমাবেশে কারও বাড়িতে হামলা না করার বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক করা হয়েছে।

ময়মনসিংহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান শফিক জানান, আওয়ামী লীগ কর্মীর বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, বিএনপির সমাবেশ থেকে যাওয়ার পথে ছাত্রদলের দুই কর্মীকে মারধরের জের ধরে বিএনপি ও এলাকার লোকজন আওয়ামী লীগ কর্মীদের বাড়িতে হামলা চালিয়ে কিছুটা ক্ষয়ক্ষতি করেছে। এখানে পূর্ব শত্রুতাও থাকতে পারে। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।