
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় মদন মোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন রাজুসহ ১০৬ জন আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
মামলার নথি ও এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট ২০২৪ তারিখে জিন্দাবাজার দিক থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি শান্তিপূর্ণ মিছিল কোতোয়ালী থানাধীন মধুবন সুপার মার্কেটের সামনে পৌঁছালে আসামীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। উক্ত ঘটনায় নবারুন এলাকার বাসিন্দা মোঃ জাহেদ আহমদ গুরুতর আহত ও গুলিবিদ্ধ হন। পরবর্তীতে ভুক্তভোগী এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ চিকিৎসা গ্রহণ শেষে গত ১৬ নভেম্বর ২০২৪ তারিখে সিলেট কোতোয়ালী মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইন এবং পেনাল কোডের বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৩১)।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ ফখরুল ইসলাম দীর্ঘ তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সত্যতা পেয়ে আদালতে অভিযোগপত্র নং-১০৭ জমা দেন। চার্জশিট দাখিলের পর অভিযুক্ত আসামীরা আত্মগোপনে থাকায় বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
এদিকে, অভিযুক্তদের আইনি প্রক্রিয়ার পাশাপাশি রাজুর পারিবারিক নিরাপত্তার বিষয়টিও সামনে এসেছে।
স্বজনদের অভিযোগ, গত ৫ই আগস্ট সরকারের পতনের পর দেশজুড়ে তৈরি হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত আসামী দেলোয়ার হোসেন রাজুর সিলেটের ওসমানীনগরস্থ কাদিপুর গ্রামে অবস্থিত বাসভবনে বেআইনিভাবে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। হামলায় ঘরের জানালার কাঁচ ভেঙে ফেলা হয় এবং ভেতরে থাকা বয়োবৃদ্ধ স্বজনদের চরম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বর্তমানে একাধারে আইনি পরোয়ানা ও অন্যদিকে প্রতিপক্ষের হুমকির কারণে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবারটি।