
নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগরের বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় বিচারিক আদালত কর্তৃক জারি করা গ্রেফতারী পরোয়ানা কার্যকর করতে মদন মোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন রাজুর নিজ বাসভবনে ঝটিকা অভিযান ও তল্লাশি পরিচালনা করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে সিলেট কোতোয়ালী ও ওসমানীনগর থানা পুলিশের যৌথ দল সিলেটের ওসমানীনগর উপজেলার কাদিপুরস্থ দেলোয়ার হোসেন রাজুর বাসভবনে এ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে পুলিশ সদস্যরা রাজুর বাসভবনের প্রতিটি কক্ষ তল্লাশি করেন।
এসময় সেখানে উপস্থিত রাজুর মায়ের সাথে মামলা ও পরোয়ানার বিষয়ে কথা বলেন এবং আসামী রাজু কোথায় অবস্থান করছেন সেই বিষয়ে প্রাথমিক তথ্য জানতে চান। তবে পুলিশি অভিযানের সময় অভিযুক্ত দেলোয়ার হোসেন রাজু বাড়িতে উপস্থিত না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত ৫ই আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তন ও পরবর্তীতে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলার সুযোগ নিয়ে একদল স্থানীয় দুর্বৃত্ত ও সশস্ত্র ব্যক্তি রাজুর বাসভবনে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। ওই সময় হামলাকারীরা বাড়ির বিভিন্ন অংশ ও জানালার কাঁচ ভাঙচুর করে এবং রাজুর পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দেয়। একের পর এক পুলিশি তল্লাশি এবং দুর্বৃত্তদের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজুর পরিবার।
পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আদালতের পরোয়ানা কার্যকর করতে তাদের এমন অভিযান অব্যাহত থাকবে।