
সিলেট এম.সি. কলেজের সাবেক দুই ছাত্রলীগ সভাপতি ফজলুর রহমান ও তাজিম উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও জুলাই আন্দোলনে হামলার অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন আতংকিত জুলাই যোদ্ধা আব্দুল মুমিন, আব্দুল জলিল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্র আতাউর রহমান। আবেদনে তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
আজ বুধবার সিলেটের জেলা প্রশাসকের কাছে এ আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, ফজলুর রহমান সিলেট এম.সি. কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি বর্তমানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে কর্মরত। অপরদিকে, তাজিম উদ্দিন একই কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি এবং বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
আবেদনকারীর অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফজলুর রহমান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (তৎকালীন ফজিলাতুন নেছা বিশ্ববিদ্যালয়) রেজিস্ট্রার থাকাকালে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগও তোলা হয়েছে তার বিরুদ্ধে।
আবেদনে আরও দাবি করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর ওই বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা প্রায় দুই মাস ধরে তার বিরুদ্ধে আন্দোলন করেন। এ সময় দুর্নীতির অভিযোগে বিভিন্ন স্লোগান দিয়ে তার অপসারণ দাবি করা হলেও কর্তৃপক্ষের কাছে আবেদন-নিবেদন করে কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।
অপরদিকে, তাজিম উদ্দিনের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তার, চাঁদাবাজি, দুর্নীতি এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনকে দলীয় কর্মকাণ্ডে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। আবেদনকারীর দাবি, ছাত্রলীগের সাবেক নেতাকর্মী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই আন্দোলন দমনের চেষ্টা করেন। আবেদনে ২০২৪ সালের ৩ ও ৪ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত হামলা, গুলিবর্ষণ ও সহিংসতার ঘটনায় তাজিম উদ্দিনসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি জানানো হয়েছে।
এছাড়া ফজলুর রহমানের বিরুদ্ধে সিলেট নগরীর শহীদ মিনার এলাকায় জুলাই আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ, হামলা ও হত্যার অভিযোগও উল্লেখ করা হয়েছে। আবেদনকারীর দাবি, ওই সময় তাদের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে বহু মানুষকে আহত করেন। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার অভিযোগও আবেদনে তুলে ধরা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, ফ্যাসিবাদী সরকারের পতনের পর অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার দাবি করা হলেও তাদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তারা পুনরায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। এতে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও সাধারণ মানুষের মধ্যে হতাশা এবং নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে দাবি করেন আবেদনকারী।
আব্দুল মুমিন অভিযোগ করেন, অভিযুক্তরা তাদের পূর্ববর্তী রাজনৈতিক নেটওয়ার্ক ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সংগঠিত করার পাশাপাশি সরকারবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এ অবস্থায় তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হলে জুলাই যোদ্ধাদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
আবেদনে জেলা প্রশাসকের কাছে অভিযোগগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।