• ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রমিকনেতা আবুল কালাম আজাদের ৫ম মৃত্যুবার্ষিকীতে পুস্পস্তবক অর্পণ

admin
প্রকাশিত মার্চ ৩, ২০২২
শ্রমিকনেতা আবুল কালাম আজাদের ৫ম মৃত্যুবার্ষিকীতে পুস্পস্তবক অর্পণ

এদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু, সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালাল পুঁজি বিরোধী আপোসহীন সংগ্রামী শ্রমিক নেতা আবুল কালাম আজাদ এর ৫ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে বিভিন্ন সংগঠন।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে জমায়েত হয়ে উনার মানিকপীরস্থ গোরস্থানে র‌্যালী সহযোগে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন করেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি নংঃ চট্ট-১৯৩৩) , বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি (রেজি নংঃ বি-২০৩৭) , পরিবারবর্গ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখা (রেজি নংঃ বাজাফে-০৫), জাতীয় ছাত্রদল – শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (শাহপরান থানা কমিটি) , বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ (সিলেট শহর পূর্বাঞ্চল কমিটি) , স’মিল শ্রমিক সংঘ, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়ন (রেজি নংঃ চট্ট-২৪৯৭), মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, সুনামগঞ্জ হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারি শ্রমিক ইউনিয়ন (রেজি নংঃ চট্ট-২৮৮৩)।

শ্রদ্ধাঞ্জলী শেষে শপথ বাক্য পাঠ করান সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক মোঃ ছাদেক মিয়া।

এসময় বক্তারা বলেন, আবুল কালাম আজাদ একাধারে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি নংঃ চট্ট-১৯৩৩) এর প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন (রেজি নংঃ বি-২০৩৭) এর সাবেক কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ (রেজি নংঃ বাজাফে ০৫) এর সিলেট জেলা শাখার সাবেক সহ-সভাপতি এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক ছিলেন।

তিনি মহান মে দিবসে শ্রমিকদের স্ববেতনে ছুটির দাবিতে আন্দোলন ; রমজান মাসে বিনাবেতনে ছাঁটাই বন্ধ ও ঈদ বোনাসের আন্দোলন ; হোটেল সেক্টরে নিম্নতম মজুরি ঘোষণা ও বাস্তবায়ন আন্দোলন; সহ অসংখ্য স্থানীয় ও জাতীয় আন্দোলনে অংশগ্রহণসহ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

তিনি ১৯৬৮ সালের ২৫ জুন সিলেট সদর উপজেলার চামেলি বাগ গ্রামে জম্নগ্রহন করেন এবং তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ২০১৭ সালের ০৩ মার্চ সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাত্রাপথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লিখিত শপথে বলেন ; আমরা শপথ করছি যে আমৃত্যু সাম্রাজ্যবাদ সামন্তবাদ বিরোধী শ্রমিক কৃষক মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু আমাদের প্রানপ্রীয় নেতা প্রয়াত আবুল কালাম আজাদের দেখিয়ে দেওয়া পথে হোটেল শ্রমিকদের উপর শোষণ নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের পাশাপাশি সকল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম চালিয়ে যাব। আমরা আরও শপথ করছি যে এ দেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষের উপর চেপে বসা শোষণের তিন পাহাড় সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা মুৎসুদ্দি পুঁজি উচ্ছেদ করে জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের লক্ষ্যে চলমান গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে জীবনের শেষ দিন পর্যন্ত অগ্রসর করে নিয়ে যাবই যাব। আমরা আরও শপথ করছি যে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বে বাজার দখল নিয়ে বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসী অন্যায় যুদ্ধের বিরুদ্ধে জনগণের ন্যায়যুদ্ধ গড়ে তোলার সংগ্রাম আমরা আমাদের শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে অগ্রসর করে নিয়েই যাবই যাবো।