
ছাতক প্রতিনিধি: ছাতক সরকারি কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ছাত্রদলের গুরুতর আহত পাঁচজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কলেজ ক্যাম্পাসে এই সংঘর্ষ হয়।
ছাত্রলীগ, ছাত্রদল ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছে। এর জের ধরে গতকাল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছাত্রদল নেতারা পরীক্ষা (ইয়ার চেঞ্জ) দিয়ে বের হওয়ার পর তাঁদের ওপর হঠাৎ হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আহতদের মধ্যে ছাত্রদলের ১০ জন এবং ছাত্রলীগের পাঁচজন রয়েছেন। ছাত্রদলের গুরুতর আহত পাঁচজন হলেন ছাত্রদলনেতা কামরান আহমদ, মুহিবুর রহমান নোমান, এনামুল ইসলাম, লায়েক আহমদ ও নাঈম আহমদ। ছাত্রলীগের আহতদের মধ্যে রয়েছেন উজ্জ্বল আহমদ, রেজা আহমদ, আতিকুল ইসলাম এ ঘটনায় বিচার চেয়ে ছাতক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ ও উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফাহিম আহমদ বলেন, পরীক্ষার হল থেকে বের হওয়ার পরই অন্যায়ভাবে হঠাৎ করে কলেজ ছাত্রদলের নেতাদের ওপর হামলা চালায় বহিরাগত ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন বলেন, দুপুরে কলেজ ক্যাম্পাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে বিক্ষোভ মিছিল করছিলেন কলেজ ছাত্রদলের নেতারা। এতে বাধা দেওয়ায় উভয় পক্ষে সংঘর্ষ হয়েছে।