
স্টাফ রির্পোটার : সিলেটের বিয়ানীবাজার উপজেলার রামধা বাজারে দোকান কর্মচারী ইমাম উদ্দিন হত্যার ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলার রামধা বাজারে দোকান কর্মচারী ইমাম উদ্দিন নির্মমভাবে নিহত হন। শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিয়ানীবাজার রামধা বাজারে এ ঘটনা ঘটে। নিহত ইমাম উদ্দিন মোহাম্মদপুর গ্রামের রহিম আলীর ছেলে। ইমাম উদ্দিন হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ইমাম উদ্দিন হত্যার ঘটনায় খুনিদের গ্রেফতার করতে এলাকার সকল মানুষ প্রতিবাদে ফুটে উঠেছে।
নিহত ইমাম উদ্দিন হত্যার ঘটনায় নিহতের পিতা রহিম আলী বাদি হয়ে ২ জনের নাম উল্লেখ করে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৫ তারিখ ০৪/০৪/২০২১ ইংরেজি।
মামলার আসামীরা হলেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও তার ভাই লোকমান হোসেন।
এ বিষয়ে গণমাধ্যমকে যুবলীগ নেতা জয়নাল আবেদিন বলেন, বিএনপি নেতা আনোয়ার হোসেন পরিকল্পিতভাবে ইমাম উদ্দিনকে হত্যা করে। ঘটনার খবর পেয়ে আমিসহ আমার কয়েকজন নেতাকর্মী আনোয়ারের দোকানে গেলে সে আমাদের উপরও হামলা করে। আমি আনোয়ার ও তার ভাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।
অন্যদিকে, বিএনপি নেতা আনোয়ার হোসেন বলেন, যুবলীগ নেতা জয়নাল আবেদিন পরিকল্পিতভাবে আমার দোকানে এসে আমার উপর হামলা চালায়। আমাকে বাচাতে গিয়ে আমাদের দোকানের কর্মচারী ইমাম উদ্দিন আহত হয়। আহত অবস্থায় তাকে হাসপাতাল নিলে সে মৃত্যুবরণ করেন। এঘটনাকে ধামাচাপা দিতে যুবলীগ নেতা জয়নাল আবেদিনের ইন্দনে আমার ও আমার ভাইয়ের উপর মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ইমাম উদ্দিন হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।