• ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বনাথে আওয়ামী লীগ নেতাদের হামলায় ছাত্রদল নেতা আহত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২১

সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশায় আওয়ামীলীগ নেতাদের হামলায় ছাত্রদল নেতা আহমদ শরীফ নোমানী গুরুতর আহত হয়েছেন। তিনি বিশ্বনাথ উপজেলার রামপাশা গ্রামের ইরন মিয়ার পুত্র।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাত অনুমানিক ৯:৩০ ঘটিকার দিকে রামপাশা বাজার সংলগ্ন রাস্তায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত অনুমানিক ৯:৩০ ঘটিকার দিকে আহমদ শরীফ নোমানী রামপাশা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আওয়ামীলীগ নেতা পাপ্পু তার দলবল নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাটি ও হকিস্টিক দিয়ে সন্ত্রাসীদের এলোপাতাড়ি আঘাতে আহমদ শরীফ নোমানী রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আওয়ামীলীগ ক্যাডাররা চলে গেলে স্থানীয়রা গুরুতর জখমী আহমদ শরীফ নোমানীকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তার জানিয়েছেন, তার মাথায় কয়েকটি সেলাই দেয়া হয়েছে এবং মেরুদন্ডে ও বাম হাতে গুরুতর আঘাত রয়েছে। তিনি এখনও শংকামুক্ত নন। রাজনৈতিক বিরোধ জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আহতের পরিবার অভিযোগ করেন, আওয়ামীলীগ নেতা পাপ্পু ও তাহার সঙ্গীয়রা কয়েকজন মিলে এ হামলা চালায়। তারা দীর্ঘদিন ধরে আহমদ শরীফ নোমানীকে প্রাণে হত্যার হুমকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় প্রাণে হত্যার উদ্দেশ্যে আহমদ শরীফ নোমানীর উপর এ হামলা চালানো হয়েছে বলে তারা অভিযোগ করেন।

এদিকে, হামলার খবর পেয়ে উপজেলা ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ আহমদ শরীফ নোমানীকে দেখতে হাসপাতালে ভীড় করেন। জঘন্যতম এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান তারা।

এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার ব্যাপারে কিছু জানেন না বলে মন্তব্য করেন।