
স্টাফ রিপোর্টার : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবহৃত একটি সরকারি সীলে ইংরেজি বানান ভুল থাকার অভিযোগ উঠেছে। এ কারণে চরম ভোগান্তিতে রয়েছেন সাধারণ জনগণ।
এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরাও রয়েছেন চরম বিড়ম্বনায়। প্রবাসীদের মধ্যে মালয়েশিয়া, সৌদি আরব ও বাহরাইন প্রবাসীসহ বিভিন্ন সেবাগ্রহীতা দেশে ও বিদেশে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ওসমানী হাসপাতালের মেডিকেল সনদের সীল নিয়ে ভোগান্তির শিকার হয়ে অভিযোগ করেছেন বিশ্বনাথ উপজেলার মালয়েশিয়া প্রবাসী মো. সাহিনুর রহমান, কানাইঘাটের সাহলে আহমেদ, জকিগঞ্জের মো. ইমরান মিয়া, সৌদি আরব প্রবাসী সুনামগঞ্জের পাগলা এলাকার সাকারিয়া তালুকদার, বাহরাইন প্রবাসী সিলেটের রশিদপুর এলাকার আবু তাহের এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রাপ্ত দাশ।
অভিযোগকারী মো. সাহিনুর রহমান জানান, তিনি ছুটিতে দেশে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরে চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্র ও মেডিকেল সনদ মালয়েশিয়ায় তার কোম্পানির কাছে জমা দিলে, কোম্পানি হাসপাতালের সীলে বানান ভুল থাকার বিষয়টি উল্লেখ করে কাগজ গ্রহণে আপত্তি জানায়। এতে তিনি ভোগান্তির শিকার হন।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, হাসপাতালের সিলে “Sylhet MAG Osamni Medical College Hospital, Sylhet” লেখা রয়েছে। অথচ সঠিক বানান হবে “Sylhet MAG Osmani Medical College Hospital, Sylhet”। অর্থাৎ “Osmani” শব্দটি ভুলবশত “Osamni” লেখা হয়েছে।
ভুক্তভোগী ও সচেতন মহল মনে করেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠানের সরকারি সীলে এমন ভুল অনাকাঙ্ক্ষিত। বিশেষ করে বিদেশে কর্মরত প্রবাসীদের বিভিন্ন দাপ্তরিক কাজে এসব নথি ব্যবহার করতে হয়। ফলে একটি বানান ভুলও বড় ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে। তাই দ্রুত সীল সংশোধন এবং ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
একাধিক অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিষয়টি পূর্বে তাদের নজরে আসেনি। অভিযোগ পাওয়ার পর তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন এবং দ্রুত সীলের বানান সংশোধনের উদ্যোগ গ্রহণ করবেন।
নাম প্রকাশে হাসপাতালের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “আমরা বিষয়টি আগে লক্ষ্য করিনি। এখন বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা অতি দ্রুত সীলের বানান সংশোধনের ব্যবস্থা করব। আজই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।