• ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

ছাত্রলীগ নেতার উপর নির্যাতন: কমলগঞ্জে হামলা, ব্যবসা দখল ও মিথ্যা মামলায় দেশছাড়া এক তরুণ

admin
প্রকাশিত জুলাই ১০, ২০২৫

কমলগঞ্জ প্রতিনিধি: গত ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর রাজনৈতিক প্রতিহিংসার এক নির্মম শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ । একসময়ের সক্রিয় এই তরুণ রাজনৈতিক কর্মীর উপর সশস্ত্র হামলা, তার ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক দখল এবং হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে তাকে দেশছাড়া করার পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে তার পরিবার দাবি করেছে।

তোফায়েল আহমেদ ২০১৬ সাল থেকে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং ২০২৩ সাল থেকে কমলগঞ্জ উপজেলা ইউনিটের ২নং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, জানান যে সরকার পরিবর্তনের পর থেকেই তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। স্থানীয় প্রভাবশালী ও বিরোধী রাজনৈতিক চক্র তাকে টার্গেট করে। প্রথমে তাকে হুমকি দেওয়া হয় এবং পরবর্তীতে তার আয়ের একমাত্র উৎস তোফায়েল এন্টারপ্রাইজ হাডওয়ার, নামক ব্যবসা প্রতিষ্ঠানটি জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়,এবং দখলে নেয়া হয়।

পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় গত ১০ নভেম্বর ২০২৪ তারিখে রাত আনুমানিক ৮:৩০টার দিকে, বাড়ি ফেরার পথে সন্দাশ সড়কে, জলিল মিয়ার বাড়ির সামনে-এ একদল দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়, বিশেষ করে তার বাম পা ও কাঁধে গভীর ক্ষত সৃষ্টি হয়। পরবর্তীতে তাকে এম এ জি ওসমানী হাসপাতালে এ চিকিৎসা দেওয়া হয়।

হামলার শিকার হওয়ার পাশাপাশি তাকে আইনিভাবে ফাঁসানোর জন্যও একটি মিথ্যা মামলা (মামলা নং ২৬৮/২০২৪) দায়ের করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তার পরিবারের দাবি, মামলার অভিযোগে উল্লিখিত সময়ে তিনি ঘটনাস্থল থেকে বহু দূরে ছিলেন এবং এর সপক্ষে তাদের কাছে অকাট্য প্রমাণ রয়েছে।

এ বিষয়ে [তোফায়েল আহমেদ এর এক নিকটাত্মীয় বলেন, “শুধু রাজনীতি করার কারণে একটি তরুণের জীবন এভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, কিন্তু কোথাও কোনো সাহায্য পাচ্ছি না।”

বর্তমানে তোফায়েল আহমেদ নিরাপত্তাহীনতার কারণে এলাকাছাড়া। তার পরিবার এই পরিকল্পিত নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচার দাবি করেছে।