• ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর দক্ষিণ সুরমায় তরুণীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

admin
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর দক্ষিণ সুরমায় তরুণীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম সরকারচক গ্রামে এক তরুণীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গত ৯ জানুয়ারি রাতে ঘটে যাওয়া এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই তরুণীর একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে একদল ব্যক্তি তার বাড়িতে আগুন দেয় বলে অভিযোগ ওঠে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী খাদিজা ইসলাম শাহানা অভিযোগ করেন, কিছুদিন আগে তাকে জোরপূর্বক অপহরণ ও ধর্ষণ করা হয় এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে দীর্ঘদিন ধরে বø্যাকমেইল করা হচ্ছিল। তিনি দাবি করেন, টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে নানা অভিযোগ ছড়িয়ে দিয়ে কিছু ব্যক্তি তার বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলেও তিনি অভিযোগ করেন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাটি সম্পর্কে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ, ভিডিওটি কীভাবে ছড়িয়েছে এবং অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত এসব বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।