
ছাতক প্রতিনিধি: বর্তমান বিএনপি সরকার এবং বিএনপির নেতাকর্মীদের অন্যায় অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে নিখোঁজের শিকার হয়েছেন ছাতক উপজেলার চাঁনপুর গ্রামের মোঃ আব্দুল শহীদ নামের এক আওয়ামীলীগ কর্মী। নিখোঁজ মোঃ আব্দুল শহীদ গত ২১শে ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে স্থানীয় দোলারবাজার পয়েন্টে শপিং করতে গিয়ে আর ফিরে আসেন নি। সম্ভাব্য সব জায়গায় সন্ধান করেও আজ পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন, রাত আনুমানিক ৯ টার দিকে ৪/৫ জন মুখোশধারী একটা প্রাইভেট কার থামিয়ে জোরপূর্বক তাকে গাড়িতে উঠিয়ে পালিয়ে যায়। তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাবার এ খবর তিনি সাথে সাথে মোঃ আব্দুল শহিদের পরিবারের কাছে পৌছান।
জানা গেছে, গত ১৫ই ফেব্রুয়ারী ২০২৬ইং তারিখে প্রতাপশালী বিএনপি নেতা নুরুল আলম এর অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বক্তব্য দেয়ার জের ধরে প্রাননাশের অব্যাহত হুমকি পাচ্ছিল পরিবার। এ কারণে সন্ত্রাসীরা যেকোনো মূল্যে বড় ধরনের ক্ষতির প্রকাশ্য হুমকি দিচ্ছিল শহীদের পরিবারকে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন, পুলিশের কাছে মোঃ আব্দুল শহিদ সন্ধানের জন্য বারবার গিয়েও তারা কোন সহায়তা পাচ্ছেন না এবং পুলিশ প্রতাপশালী অভিযুক্ত সন্ত্রাসীদের ব্যাপারে রহস্যজনক ভূমিকা পালন করছে।
মোঃ আব্দুল শহীদের মত একজন আওয়ামীলীগ কর্মীর নিখোঁজের ঘটনায় গোটা এলাকায় ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।